২৩ বছর আগের মামলায় বাসচালক–সহকারীর যাবজ্জীবন
২৩ বছর আগে রাজধানীর শ্যামলী এলাকায় এক পথচারীকে বাস চাপা দিয়ে হত্যার দায়ে ওই বাসের চালক ও তাঁর সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪–এর বিচারক জেসমিন আরা বেগম আজ রোববার এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাসচালক শওকত এবং চালকের সহকারী আক্তার হোসেন। দুই আসামি পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
মামলার তথ্য অনুযায়ী, ১৯৯৯ সালের ৫ সেপ্টেম্বর শ্যামলীর শিশু মেলার সামনে একটি বাস রিকশায় ধাক্কা দেয়। তখন ক্ষতিগ্রস্ত রিকশাচালককে ৫০ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন আসামি শওকত ও আক্তার। এ সময় অজ্ঞাতপরিচয় একজন পথচারী এসে রিকশাচালকের হয়ে ৫০০ টাকা ক্ষতিপূরণ চান। এতে ক্ষিপ্ত হয়ে চালকের নির্দেশে তাঁর সহকারী ওই ব্যক্তিকে বাস থেকে ফেলে দেন। তখন বাসের চাকার নিচে পিষ্ট হয়ে মারা যান তিনি।
এ ঘটনায় তখন চালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা হয়। পরের বছর ২০০০ সালে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে ১৬ জন সাক্ষীর মধ্যে ৪ জনকে আদালতে হাজির করা হয়।