২৩ মে নৌনিরাপত্তা দিবস ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ মে জাতীয় নৌনিরাপত্তা দিবস ঘোষণার দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। সভা থেকে দুর্ঘটনাকবলিত নৌযান উদ্ধারে অত্যাধুনিক উদ্ধারকারী জাহাজের ব্যবস্থা, নৌযাত্রীদের বিমার ব্যবস্থা, নদী দখলকারী ও দূষণকারীর সর্বোচ্চ শাস্তির বিধান তৈরি, নদীর নাব্যতা ফিরিয়ে আনার ব্যবস্থা, নদীর পানির সুষ্ঠু বণ্টন ও ঢাকার চারপাশের নৌপথ সচল করার দাবি জানানো হয়। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে সামাজিক সংগঠন নোঙর এই আলোচনা সভার আয়োজন করে। সভায় বাংলাদেশের নৌদুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে ২৩ মে কে প্রতীক হিসেবে নিয়ে জাতীয় ‘নৌ-নিরাপত্তা দিবস’ ঘোষণার দাবি জানানো হয়। সভার প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ২৩ মে জাতীয় নৌ-নিরাপত্তা দিবস ঘোষণার দাবি সমর্থন করেন। বিশেষ অতিথি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, নদী দখল করে, দূষণ করে ও অপরিকল্পিতভাবে সেতু বানিয়ে রাষ্ট্রকে অপূরণীয় ক্ষতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থনৈতিকভাবে বিধ্বস্ত করা হচ্ছে। একাধিক আলোচক বলেন, দেশের প্রত্যেকটি নৌযানকে নিবন্ধনের আওতায় আনার প্রয়োজন হলেও সরকার এ কাজে গাফিলতি করছে। প্রায় প্রত্যেক বছর নৌদুর্ঘটনা ঘটলেও এর জন্য দায়ী ব্যক্তিদের কোনো শাস্তি দেওয়া হয় না। সভায় অন্যদের মধ্যে ভাস্কর রাসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, শহীদ আসাদ পরিষদের সাধারণ সম্পাদক শামসুজ্জামান মিলন, সাংবাদিক কাজী রফিক প্রমুখ বক্তব্য দেন। নোঙরের প্রতিষ্ঠাতা সুমন শামস সভায় সভাপতিত্ব করেন।আলোচকেরা আরও বলেন, ঢাকার চারপাশের নৌপথ চালু থাকলে ঢাকার জনপরিবহন কিছুটা উন্নত হবে। তুরাগ, বুড়িগঙ্গা ও বালুর তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, আবার তা দখলও হচ্ছে।