২৩ লাখ টাকার জাল নোট উদ্ধার, কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখানে জাল নোটের কারখানার সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার বিকেলে পুলিশ কারখানায় অভিযান চালিয়ে ২৩ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে। জাল নোট তৈরির একটি চক্রের প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল গতকাল বিকেল চারটার দিকে কাকরাইলে অভিযান চালিয়ে পাইকারি জাল নোট বিক্রেতা মো. শাহীনকে (২৮) গ্রেপ্তার করে। তাঁর তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানার ১৫৭, পূর্ব আজমপুরের একটি বাড়ির চতুর্থ তলায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৫০০ ও এক হাজার টাকার মোট ২৩ লাখ টাকা মূল্যমানের জাল নোট এবং তা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ডিবির পুলিশ জাল নোট তৈরির একটি চক্রের প্রধান মো. বাবুকে (২৬) গ্রেপ্তার করে। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে রাজধানীতে পাইকারি জাল নোট বিক্রেতা মো. রুবেল ও খুচরা জাল নোট বিক্রেতা খোকন মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, একটি চক্রের প্রধান মো. বাবুর নেতৃত্বে তাঁর সহযোগীরা ঈদুল আজহাকে সামনে রেখে জাল নোট বাজারজাতে তৎপর হয়ে উঠেছে। তাঁদের কাছ থেকে জাল নোট ছাড়াও ২৪ লাখ জাল নোট তৈরির কাগজ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, জাল নোট তৈরির আরেক চক্রের প্রধান সুমনের সঙ্গে বাবু দক্ষিণখানে জাল নোটের এই কারখানাটি চালু করেন। সুমন গত বছর ঈদুল আজহার আগেও ধরা পড়েছিলেন। কিছুদিন পরই জামিনে মুক্ত হন। জিজ্ঞাসাবাদে বাবু ডিবি পুলিশকে জানান, গত এক বছরে তিনি ২০ থেকে ২২ কোটি জাল নোট বাজারজাত করেছেন। শাহীন ও রুবেল এসব জাল নোট পাইকারি বিক্রি করে বাজারে ছড়িয়েছেন। খুচরা বিক্রেতা খোকন মিয়া জানান, তিনি শাহীন ও রুবেলের কাছ থেকে পাইকারি জাল নোট কিনে খুচরা বাজারজাত করতেন।র্যা ব ও ডিবির কর্মকর্তারা জানান, গত এক বছরে জাল নোট তৈরির ২৬ চক্রের প্রধানকে শনাক্ত করা হয়েছে। এঁদের মধ্যে আট চক্রের প্রধান গ্রেপ্তার হলেও চারটি চক্রের প্রধান আদালত থেকে জামিন নিয়ে পুরোনো পেশায় ফিরে গেছেন।