জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৩ হাজার শিক্ষার্থীকে পরিবহন-সুবিধা দেওয়ার জন্য মাত্র আটটি দ্বিতল বাস রয়েছে। এই বাসগুলোর মোট আসনসংখ্যা মাত্র সাত শ। কিন্তু ঝুঁকি নিয়ে প্রতিদিন ধারণক্ষমতার কয়েক গুণ বেশি শিক্ষার্থী যাতায়াত করছেন। অভিযোগ আছে, এ কারণে শিক্ষার্থীরা প্রতিদিনই হয়রানির শিকার হচ্ছেন।বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, পরিবহনের জন্য বছরে প্রত্যেক শিক্ষার্থীকে চার শ টাকা ফি দিতে হয়। কিন্তু অধিকাংশ শিক্ষার্থী পাবলিক বাসে যাতায়াত করেন। বিশ্ববিদ্যালয়ের বাসে যেতে চাইলে সময়ের অপচয়ের সঙ্গে হয়রানিরও শিকার হতে হয়। সূত্র জানায়, শিক্ষার্থীদের পরিবহনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিআরটিসি থেকে ২০০৮ সালের জুলাই মাসে চারটি এবং পরের বছর আরও চারটি দ্বিতল বাস ভাড়া করে। প্রয়োজনের তুলনায় অল্পসংখ্যক এই বাস দিয়ে মোট শিক্ষার্থীর মাত্র ৩ শতাংশ পরিবহন-সুবিধা পাচ্ছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে তিন শ শিক্ষকের জন্য আছে মাত্র চারটি মিনিবাস, যার দুটি আবার ২৫ বছর পুরোনো। ফলে শিক্ষার্থীদের মতো শিক্ষকেরাও বাস-সংকটের কারণে পরিবহন-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিন দেখা যায়, ৮৫ সিটের একেকটি বাসে ১৫০ থেকে ২০০ শিক্ষার্থী উঠেছেন। প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীরা গাদাগাদি করে আসা-যাওয়া করছেন।খোঁজ নিয়ে জানা যায়, বাসগুলোতে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী বহন করায় প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটছে। গত এক বছরে বাসে বসাকে কেন্দ্র করে বেশ কয়েকজন ছাত্র মারধরের শিকার হয়েছেন। সর্বশেষ গত সোমবার বাসে বসাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে।ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রায়হানুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাসে উঠতে হলে রীতিমতো যুদ্ধ করতে হয়। কোনো রকমে দাঁড়ানোর সুযোগ পেলেও প্রচণ্ড গরমে সিদ্ধ হতে হয়। গাদাগাদির কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন ছাত্রীরা।’নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, বাস-সংকটের কারণে অনেকেই ঠিকমতো ক্লাস করতে পারে না। আবাসন সুবিধাবিহীন ছাত্র-শিক্ষকদের পরিবহন-সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি মনে করেন।বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. শওকত জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদের কাছ থেকে আমরা যা পাই, তার তিন গুণ টাকা পরিবহন খাতে ব্যয় করতে হয়। বিশ্ববিদ্যালয়ের আইনের বাধ্যবাধকতাসহ বিভিন্ন কারণে বর্তমানে এই টাকাই জোগান দেওয়া প্রশাসনের পক্ষে কষ্টকর।’উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের দুর্ভোগের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, স্থানীয় সাংসদ ছাত্রদের জন্য দুটি বাস দেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া শিক্ষকদের জন্য দুটি বাস আগামী অর্থবছরে কেনার বিষয়টি চূড়ান্ত হয়েছে।