২৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা, জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহনের ধোঁয়ায় হাইড্রোকার্বন ও কার্বন মনোক্সাইডের মাত্রা বেশি পাওয়ায় পরিবেশ অধিদপ্তরের অধীনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রাজধানীতে অভিযান চালিয়ে ২৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ২০ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছেন।পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জামশেদ আহমদ এবং ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নেতৃত্বে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজধানীর বাড্ডার প্রগতি সরণিতে অভিযান পরিচালিত হয়। এ সময় অতিরিক্ত শব্দদূষণ, কালো ধোঁয়া এবং বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিএ) নিয়ম অনুযায়ী গাড়ির কাগজপত্র সঠিক না পাওয়ায় আদালত ২৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেন। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, যানবাহনের ধোঁয়ায় হাইড্রোকার্বনের গ্রহণযোগ্য মাত্রা ১৮০ টিটিএম, কিন্তু যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে পাওয়া গেছে ২০০ থেকে সর্বোচ্চ ৬০০ টিটিএম পর্যন্ত। এ ছাড়া ধোঁয়ায় কার্বন মনোক্সাইডের সঠিক মাত্রা চার ভাগ থাকার কথা, কিন্তু তা পাওয়া যায় এর চেয়ে বেশি মাত্রায়। গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ১৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। এ কারণে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন, ২০০৬ সালের শব্দদূষণ আইন এবং বিআরটিএর আইনে যানবাহনের ওপর মামলা ও জরিমানা করা হয়েছে।