২৪০০ টেলিফোন নম্বর পাল্টে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি ত্রুটির কারণে নীলক্ষেত টেলিফোন এক্সচেঞ্জের প্রায় দুই হাজার ৪০০ টেলিফোন নম্বর পরিবর্তন করা হচ্ছে। এ ছাড়া ভূগর্ভস্থ টেলিফোনের তার পুড়ে যাওয়ায় বিকল হয়ে আছে ওই এলাকার আরও প্রায় দেড় হাজার টেলিফোন।বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড (বিটিসিএল) গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। বিটিসিএল গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ত্রুটিপূর্ণ এসব টেলিফোন লাইন সংস্কারের কাজ শুরু হয়েছে।ভূগর্ভস্থ গ্যাসলাইন বিস্ফোরণে তার পুড়ে যাওয়ায় গত ২৮ অক্টোবর থেকে নীলক্ষেত টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন ধানমন্ডি ১, ২, ৩, ৪, ৫ ও ৬ নম্বর সড়ক এবং জিগাতলা এলাকার ভিআইপি সংযোগসহ প্রায় দেড় হাজার নম্বর বিকল হয়ে পড়েছে। ইতিমধ্যে কেব্ল মেরামতের কাজ শুরু হয়েছে। বিটিসিএল আশা করছে, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বিকল টেলিফোনগুলো চালু করা সম্ভব হবে।অন্যদিকে কারিগরি ত্রুটির কারণে অকেজো হয়ে পড়েছে নীলক্ষেত এক্সচেঞ্জের ‘৮৬১’ দিয়ে শুরু আরও প্রায় ৫০০ টেলিফোন। ইতিমধ্যে ৮৬১৭২৮০ থেকে ৮৬১৭৪০৩ পর্যন্ত এবং ৮৬১৭৫২৮ থেকে ৮৬১৭৯০৭ পর্যন্ত নম্বরগুলো অন্য এক্সচেঞ্জের নম্বর দিয়ে পরিবর্তনের কাজ শুরু হয়েছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে এ কাজ শেষ হবে। এ ছাড়া নীলক্ষেত এক্সচেঞ্জের ৮৬১১০০০ থেকে ৮৬১২৮৫৪ পর্যন্ত টেলিফোন নম্বর গত ২১ অক্টোবর থেকে ত্রুটিপূর্ণ হয়ে আছে। এই নম্বরগুলোও পর্যায়ক্রমে অন্য এক্সচেঞ্জের নম্বর দিয়ে পরিবর্তন করা হবে। এ-সংক্রান্ত যেকোনো ধরনের সমস্যা বা তথ্যের জন্য ৯৬৬৩৩৬৬ এবং ৯৬৭৩৩৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিটিসিএল।