২৫ মামলার আসামি শহীদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যা, মাদক ব্যবসাসহ ২৫ মামলার আসামি ও পল্লবী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী শহীদকে (৩১) একটি রিভলবারসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে মিরপুর ১১ নম্বরের ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, শহীদ সীমান্তবর্তী বেনাপোল থেকে তাঁর সহযোগীদের দিয়ে ঢাকার মিরপুর ও পল্লবীর মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন। গতকাল ভোরে শহীদ তাঁর বড় ভাইয়ের অসুস্থতা ও ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে ঢাকায় এসেছেন। খবর পেয়ে পল্লবী থানার পুলিশ মিরপুর ১১ নম্বর সেকশনের বি-ব্লকে তাঁর বাসায় অভিযান চালিয়ে রিভলবারসহ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর সহযোগীরা পালিয়ে যান।পুলিশ কর্মকর্তা জানান, শহীদের বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর গতকাল তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে পল্লবী থানায় আরেকটি মামলা হয়েছে।