সাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৫ মার্চ সোমবার বেলা ১১টায় ডিআরইউ প্রাঙ্গণে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এত দিন যৌথভাবে আন্দোলন করলেও এখন থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এককভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেছে। সাংবাদিকদের বিভক্ত ইউনিয়নগুলো এ বিষয়ে পৃথক কর্মসূচি পালন করেছে।গত বছরের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। ওই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দুটি সাংবাদিক ইউনিয়নের চার অংশ এবং জাতীয় প্রেসক্লাবকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলে ডিআরইউ। এই প্রক্রিয়ায় সাংবাদিক ঐক্য গড়ে ওঠার পথ সুগম হয়।সম্প্রতি গণজাগরণ মঞ্চের আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক বিষয়ে সাংবাদিক ইউনিয়নের ঐক্যপ্রক্রিয়া ভেস্তে যায়। এরপর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিভক্ত অংশগুলো সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে একসঙ্গে কর্মসূচি পালনের জায়গা থেকে সরে আসে। তবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈঠকেই সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের সিদ্ধান্ত নেয়। ওই সভায় কোনো কোনো সংগঠন পিছু হটলেও রাজপথে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল।