২৬ কেজি হেরোইন পাচারের তদন্ত শুরু হয়নি এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের নিরাপত্তা তল্লাশি শেষে হেরোইনভর্তি কার্টনগুলো উড়োজাহাজে তোলার জন্য রপ্তানি গুদামে রাখা হয়। সেই কার্টন থেকেই পাওয়া যায় ২৬ কেজি ২০০ গ্রাম হেরোইনের চালান। বিমানবন্দর থানার পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় উদ্ধার করা হেরোইন বিড়ির কার্টনে ভরে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল। এর রপ্তানিসংক্রান্ত কাগজপত্রে পাঁচজন কাস্টমস কর্মকর্তার স্বাক্ষরও রয়েছে। তবে পুলিশ জানায়, এখন পর্যন্ত এ ঘটনার তদন্তই শুরু হয়নি। এ-সংক্রান্ত কাগজপত্রে দেখা গেছে, নয়টি কার্টনে পাঁচ লাখ বিড়ি রয়েছে। যার (ইনভয়েজ) মূল্য ৪০০ ডলার। ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট ওমর অ্যান্ড ব্রাদার্সের মাধ্যমে নাফা বিজনেস সিন্ডিকেট নামের একটি প্রতিষ্ঠানের নামে এগুলো পাচার করা হচ্ছিল। গতকাল রোববার ওমর অ্যান্ড ব্রাদার্সের মতিঝিলের কার্যালয়ে গিয়ে সেটি বন্ধ পাওয়া যায়। কার্যালয় বলতে ওই ভবনের ৫১০ নম্বর কক্ষের অর্ধেক ভাড়া নেওয়া দুটি প্রতিষ্ঠানের নামে। তার একটি সিঅ্যান্ডএফ এজেন্ট ওমর অ্যান্ড ব্রাদার্স। কক্ষটির অপর অংশের কার্যালয় খোলা রয়েছে। তারা ওমর অ্যান্ড ব্রাদার্সের কারও কোনো খোঁজ দিতে পারেনি। ওমর অ্যান্ড ব্রাদার্সের মালিক ইব্রাহিম আলীর মুঠোফোনটি বন্ধ। প্রতিষ্ঠানের ল্যান্ডফোনে দিনভর ফোন করা হলেও কেউ ধরেনি।এদিকে যে প্রতিষ্ঠানের নামে হেরোইন পাচার করা হচ্ছিল, সেই নাফা বিজনেস সিন্ডিকেট সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটি মিরপুরের টোলারবাগের ঠিকানায় লাইসেন্স করা। এর মালিক নাজমুল হাসান। গতকাল দুপুরে নাজমুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, নাফা বিজনেস সিন্ডিকেটের কার্যক্রম বন্ধ হয়ে গেছে প্রায় আড়াই বছর আগে। এখন তিনি একটি পোশাক কারখানায় চাকরি করেন। ব্যবসা ছেড়ে দেওয়ায় তাঁর এই ব্যবসাপ্রতিষ্ঠানের কাগজপত্রগুলোও হালনাগাদ করা হয়নি। তিনি দাবি করেছেন, কেউ তাঁর প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এ ঘটনা ঘটিয়েছে।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন সালেহ আহমেদ চৌধুরী বলেন, এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান গত রাতে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।