২৬ প্রতিষ্ঠানের ‘সুপেয়’ পানি পরীক্ষা, ২২টিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের অনুমোদন না নেওয়া, জারের গায়ে সঠিক তথ্য না লেখা এবং মানহীন অনিরাপদ সুপেয় পানি বোতলজাত ও বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার রাজধানীতে অভিযান চালিয়ে ২২টি প্রতিষ্ঠানকে সাত লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন। সকাল সাতটা থেকে র‌্যাব ও মহানগর দাঙ্গা পুলিশ শেরেবাংলা নগর ও আশপাশের এলাকা থেকে ‘সুপেয়’ পানি বহনের ২৬টি প্রতিষ্ঠানের গাড়ি আটক করে মানিক মিয়া এভিনিউতে জমা করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আদালত প্রতিটি কোম্পানির বোতলজাত পানির মান পরীক্ষা করেন। এতে চারটি প্রতিষ্ঠানের পানির মান সঠিক পাওয়া গেছে। জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিএসটিআইয়ের লাইসেন্সধারী অনেক প্রতিষ্ঠানও রয়েছে।ক্রিস্টাল অ্যাকুয়া লিমিটেডের লেবেলে তথ্য সঠিক না থাকায় ৫০ হাজার, মান সঠিক না থাকায় হিউম্যান হেলথ প্রোডাক্টসকে ৫০ হাজার, লাইসেন্স না নিয়ে মানচিহ্ন ব্যবহার করায় শিপ পিউর ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার, হিউম্যান হেলথ ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার, লাইসেন্স নবায়ন না করায় রিলাইঅ্যাবলকে ২৫ হাজার, লেবেলে তথ্য সঠিক না থাকায় বন্ধন ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার, জারের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় ডানকান প্রোডাক্টস লিমিটেডকে ৫০ হাজার, একই অপরাধে সেইফ ইন্টারন্যাশনালকে ২৫ হাজার, লেবেলে তথ্য সঠিক না থাকায় মোহনা ড্রিংকিং ওয়াটারকে ২৫ হাজার, লাইসেন্স না থাকা এবং মান সঠিক না থাকায় থার্স্টি ওয়াটার সিস্টেমকে ৫০ হাজার এবং ছিপি যথাযথভাবে স্থাপন না করায় এ কে ফুড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া লাইসেন্সবিহীন ও মান সঠিক না থাকায় মুসা কনজুমার প্রোডাক্টসকে এক লাখ, লাইসেন্স নবায়ন না করা এবং লেবেল যথাযথ না হওয়ায় শরীফ অ্যান্ড কোম্পানিকে ৫০ হাজার, লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় রিলাইঅ্যাবল ড্রিংকিং ওয়াটারকে ১৫ হাজার, লাইসেন্স না থাকা ও লেবেল সঠিক না থাকায় ইয়াশ পিউর ড্রিংকিং ওয়াটারকে ২৫ হাজার, লাইসেন্সবিহীন ও লেবেল সঠিক না থাকায় শশী ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার, লাইসেন্স না থাকায় এবং লেবেল যথাযথ না থাকায় ইফাত অ্যান্ড ব্রাদার্সকে ২০ হাজার, সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় অসমো ড্রিংকিং ওয়াটারকে ২০ হাজার, স্মার্ট ফুড অ্যান্ড বেভারেজকে ১০ হাজার, সোয়ান ড্রিংকিং ওয়াটারকে ২৫ হাজার এবং নাম-পরিচয়হীন দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। চারটি প্রতিষ্ঠানের পানির মান সঠিক পাওয়া গেছে। এগুলো হচ্ছে—আলপাইন ফ্রেশ, রাজবি ড্রিংকিং ওয়াটার, ড্রিজলি ওয়াটার এবং ইয়াম্মী ইয়াম্মী। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে বিএসটিআই, র‌্যাব-২ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।