২৬ মার্চ উদ্বোধন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসেতু আগামী ২৬ মার্চ উদ্বোধন হচ্ছে না। এমনকি প্রকল্পের নির্ধারিত মেয়াদ অনুযায়ী আগামী জুনেও তা চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর জন্য রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসি সূত্র জানিয়েছে, হরতাল-অবরোধের মতো কর্মসূচির কারণে ২৬ মার্চ উড়ালসেতু উদ্বোধন করা সম্ভব হবে না। এসব কর্মসূচিতে গত দুই মাসে ২৭ কর্মদিবস নষ্ট হয়েছে মর্মে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকল্পে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছেও চিঠি দিয়েছেন। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার নামে এ উড়ালসেতুর নির্মাণকাজে বিদেশি পরামর্শক সিইএস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এলইএ অ্যাসোসিয়েটস সাউথ এশিয়া প্রাইভেট লিমিটেড এবং ঠিকাদার সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের বিদেশি জনবল নিযুক্ত আছে।প্রকল্পের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, আতঙ্কের কারণে হরতাল ও অবরোধ এবং তার আগের দিনও বিদেশি শ্রমিকদের পক্ষে সুষ্ঠুভাবে কাজ করা সম্ভব হয়নি। ডিএমপি কমিশনারকে লেখা চিঠিতে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লেখেন, ‘হরতাল-রাজনৈতিক কর্মসূচির দিনে নির্মাণকাজ অব্যাহত রাখার স্বার্থে বিদেশি জনবল ও প্রকল্প এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য অনুরোধ করা হলো।’প্রকল্প পরিচালক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশিকুর রহমান প্রথম আলোকে জানান, কাজের খুব ভালো অগ্রগতি হচ্ছিল। চার মাস আগেও নিশ্চিত হওয়া গিয়েছিল যে, ২৬ মার্চ এই উড়ালসেতু উদ্বোধনের পর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া যাবে। কিন্তু শুধু অনাকাঙ্ক্ষিত হরতাল-অবরোধ কর্মসূচির জন্য তা পিছিয়ে যাচ্ছে।প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালমান করিম প্রথম আলোকে জানান, উড়ালসেতুর নির্মাণকাজ শেষ করার নির্ধারিত সময় এ বছরের জুনে। তার পরও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এর উদ্বোধনের ব্যবস্থা করার আপ্রাণ চেষ্টা ছিল। কিন্তু বিভিন্ন কারণে তা হচ্ছে না। সরকারের সেবা সংস্থাগুলো পাইপ লাইন, তার ইত্যাদি সরিয়েছে অনেক দেরিতে। সালমান করিম জানান, নির্ধারিত সময়ে এই সেতুর উদ্বোধন নির্ভর করবে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর।২০১০ সালের জুনে শুরু হওয়া এ উড়ালসেতুর কাজ এখন পর্যন্ত ৭৪ শতাংশ হয়েছে। শুরুতে এর দৈর্ঘ্য ছিল সাত কিলোমিটার। পরে নকশা সংশোধনের পর র‌্যাম্পসহ দাঁড়ায় ১০ কিলোমিটার। আশা করা হচ্ছে, এই উড়ালসেতুটি চালু হলে রাজধানীর একটি বড় অঞ্চলের যানজট অনেক কমে যাবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্প এলাকায় সেনাবাহিনী মোতায়েনের কথা থাকলেও তা করা হয়নি। তবে সেনা বাহিনীর সহায়তায় কিছু সড়ক সংস্কারের কাজ হয়েছে। সায়েদাবাদ বাস টার্মিনালের ভেতরের অবৈধ দোকান সরিয়ে নেওয়ার জন্য অভিযান চালিয়েও মামলার কারণে থেমে যেতে হয়। নির্মাণ সামগ্রী, যন্ত্রপাতি ও সেতুর অংশ বহনকারী ট্রেইলার চলাচলের জন্য সায়েদাবাদ সংলগ্ন জনপথ, গুলিস্তান ও ফুলবাড়িয়ায় রাস্তার ওপর গড়ে ওঠা বাসস্ট্যান্ড সরানোরও কথা। এখনো তা করা হয়নি।