ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের চত্বরটিতে ২৬টি সড়কবাতির মধ্যে মাত্র ৩টির আলো জ্বলে। সন্ধ্যার পর থেকে চলমান গাড়ির হেডলাইটে চত্বরটি কিছুটা আলোকিত হলেও তা পর্যাপ্ত নয়। তাই সূর্য ডুবলেই পুরো চত্বরটি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। সে কারণে প্রায়ই সন্ধ্যার পর দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আশপাশের দোকানিরা।
গতকাল রাত ১১টা। চত্বরের পাশে পদচারী-সেতু থেকে মূল চত্বর পর্যন্ত প্রায় ২৬টি সড়কবাতি চোখে পড়ে। এর মাত্র ৩টিতে আলো জ্বলতে দেখা গেছে। এর মধ্যে আবার ২টি মিটমিট করছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্তব্যরত একজন ট্রাফিক পুলিশ জানান, সন্ধ্যা হলে চত্বরটি অন্ধকারাচ্ছন্ন হয়। গাড়ির আলোতে যে পরিমাণ আলো হয়, এতে দায়িত্ব পালন করতে অসুবিধা হচ্ছে। অন্ধকার পরিবেশে সাধারণ মানুষের রাস্তা পারাপার এবং চালকদের ট্রাফিক সিগন্যাল বুঝতে না পারাসহ নানান সমস্যায় পড়তে হয়।
ওয়ান্ডার ইন রেস্টুরেন্টের ম্যানেজার ইমরান হোসেন জানান, এক বছর ধরে সড়কবাতিগুলো এভাবে রয়েছে। সন্ধ্যার পর প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটতে দেখা যায়। এক সপ্তাহ আগে সন্ধ্যা সাতটার দিকে একজন মহিলা তাঁর বাচ্চাকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় তিন নম্বর বাসের সঙ্গে ধাক্কা লাগে। ওই ঘটনায় শিশুটি গুরুতর আহত হয় বলে জানান তিনি।
সুইজারল্যান্ড থেকে আসা যাত্রী মেরি ক্যারোলিন চত্বরটি সম্পর্কে বলেন, ‘লো লাইট অল অ্যারাউন্ড। ইট ইজ ভেরি ফ্রাসটেটিং!’
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং অতি দ্রুত অকেজো বাতিগুলো সচল করব, প্রয়োজনে ওখানে অতিরিক্ত ল্যাম্পপোস্ট বসানো হবে।’