২৭ ডিসেম্বর বনানী ওভারপাস উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর সড়কের বনানী রেলক্রসিংয়ে নবনির্মিত দেশের দীর্ঘতম ওভারপাসটি ২৭ ডিসেম্বর যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ওই দিন ওভারপাসটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল বৃহস্পতিবার ওভারপাসের নির্মাণকাজ পরিদর্শন শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান। বনানী ওভারপাসকে সাম্প্রতিককালে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত সময়ের ছয় মাস আগেই ওভারপাসটির নির্মাণকাজ শেষ হতে যাচ্ছে।যোগাযোগমন্ত্রী বলেন, ‘বনানী রেলক্রসিং দিয়ে দিনে-রাতে ৭২টি ট্রেন আসা-যাওয়া করে। প্রতিটি অতিক্রমেই নির্দিষ্ট সময়ের জন্য রেলগেট বন্ধ রাখতে হয়। এতে যানজট সৃষ্টি হয়। ওভারপাস নির্মাণের ফলে যানজট কমার পাশাপাশি সড়ক ব্যবহারকারীদের সময়েরও অপচয় রোধ হবে।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ফ্লাইওভার ও লিংক-ব্রিজের কাজ আগামী মার্চে শেষ হবে।’প্রায় ১০৩ কোটি টাকা ব্যয়ে ৮০০ মিটার দীর্ঘ ওভারপাস নির্মাণকাজের বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইসিবি।পরিদর্শনকালে সড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ মাসুদ, প্রকল্পের পরামর্শক আজাদুল ইসলামসহ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন ও প্রকল্পের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।