ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ অর্থবছরের জন্য ২৭৭ কোটি ২৯ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এর মধ্যে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অবসরকালীন ভাতায় ২২০ কোটি টাকা ব্যয় হবে। এই খরচ মোট ব্যয়ের ৭৯ দশমিক ৩৪ শতাংশ।গতকাল বুধবার বার্ষিক সিনেট অধিবেশনের দ্বিতীয় দিনে বাজেট অনুমোদন করা হয়। একই সঙ্গে ২০১০-২০১১ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।বাজেট বিশ্লেষণে দেখা যায়, শিক্ষার্থীদের কাছ থেকে ফিস (বেতন-ভর্তি-সেশন ফি) বাবদ আয় ধরা হয়েছে চার কোটি ১০ লাখ টাকা। গত অর্থবছরে এই আয় তিন কোটি ৫০ লাখ টাকা ধরা হলেও বছর শেষে সংশোধিত বাজেটে তা তিন কোটি ৯৫ লাখ টাকা দাঁড়িয়েছে। এ ছাড়া কয়েকটি বিষয় ছাড়া শিক্ষাসহায়ক খাতে গত বছরের তুলনায় বরাদ্দ বাড়ানো হয়নি।এবার পরীক্ষার ফি বাবদ আয় ধরা হয়েছে আট কোটি ৩০ লাখ টাকা। গত বছর সাত কোটি ৫০ লাখ টাকা ধরা হলেও বছর শেষে এই আয় দাঁড়ায় আট কোটি ২০ লাখ টাকায়। অন্যান্য ফিস বাবদ আয় ধরা হয়েছে এক কোটি ৩০ লাখ টাকা। গত বছর ৯০ লাখ টাকা ধরা হলেও বছর শেষে আয় হয় এক কোটি ২০ লাখ টাকা।এই অর্থবছরে পরিবহন বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে আয় ধরা হয়েছে এক কোটি ৪০ লাখ টাকা। গত বছর এই আয় এক কোটি ২৫ লাখ টাকা ধরা হলেও বছর শেষে তা হয় এক কোটি ৩০ লাখ টাকা। ভর্তি ফরম বিক্রি থেকে আয় ধরা হয়েছে তিন কোটি টাকা। এই আয় গত বছর দুই কোটি ২০ লাখ টাকা ধরা হলেও বছর শেষে এসে দাঁড়ায় দুই কোটি ৯০ লাখ টাকায়।