২৮ ও ২৯ জানুয়ারি জাতীয় ঘুড়ি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের পরিবেশ সংরক্ষণের অঙ্গীকার নিয়ে ২৮ ও ২৯ জানুয়ারি সেখানে অনুষ্ঠিত হবে জাতীয় ঘুড়ি উৎসব ২০১১। এবারের উৎসবের শিরোনাম ‘চাই নির্মল আকাশ, নির্মল সাগর।’ গতকাল শনিবার উৎসবের আয়োজক সংস্থা বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা জানান, এবারের উৎসবে জনপ্রিয় বাংলা ঘুড়ির পাশাপাশি ড্রাগন, ডেল্টা, মাছরাঙা, ইগল, ডলফিন, অক্টোপাস, সাপ, ব্যাঙ, মৌচাক, কামরাঙা, গুবরে পোকা, আগুনপাখি, পেঁচা, ফিনিক্স, জেমিনি, চরকি, পালতোলা জাহাজ আকৃতির ঘুড়ি ওড়ানো হবে। প্রাকৃতিক সপ্তাচর্যের তালিকায় এগিয়ে থাকা সমুদ্রসৈকত কক্সবাজারের পরিবেশ সংরক্ষণ জন্যও এবারের উৎসবে বিশেষ আয়োজন থাকছে। বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যৌথ উদ্যোগে ২৮ জানুয়ারি সকাল ১০টায় কক্সবাজারে অনুষ্ঠিত হবে ‘চাই নির্মল আকাশ, নির্মল সাগর’ শীর্ষক গোলটেবিল আলোচনা। উৎসবে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা, ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। উৎসবের ব্যয়ের উৎস সম্পর্কে আয়োজকেরা জানান, ঘুড়ি ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত। বিভিন্ন জেলাতেও এর শাখা আছে। অথচ সরকারের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের জন্য এককালীন এক লাখ টাকা দেওয়া হয়। যে কারণে ফেডারেশনের পক্ষে জেলাগুলোতে কোনো আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হয় না। মূলত ফেডারেশনের সদস্য ও কর্মকর্তাদের নিজস্ব টাকায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ফেডারেশনের সভাপতি এ আর খান, সহ-সভাপতি ম. হামিদ ও কাজী সিরাজউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।