২৯ বছরেও পাওনা মেলেনি
২৯ বছর ধরে নায্য পাওনা বুঝে পেতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন অন্যায়ভাবে চাকরিচ্যুত আলী হোসেন। ৭৬ বছর বয়সী অশক্ত মানুষটি প্রতিদিন ছুটছেন সরকারের এক দপ্তর থেকে অন্য দপ্তরে। বকেয়া বেতন ও অবসরকালীন পাওনা বুঝে পেতেই ১৯৮১ সালে তৎকালীন ঢাকা মিউনিসিপ্যাল করপোরেশন থেকে নিয়মবহির্ভূতভাবে চাকরিচ্যুত হওয়া আলী হোসেনের এই প্রচেষ্টা।গত তিন দশকে স্থানীয় সরকার মন্ত্রণালয় আলী হোসেনের পাওনা বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, আদালতের রায়ও এসেছে তাঁর পক্ষে। কিন্তু আলী হোসেন এখনো বুঝে পাননি তাঁর পাওনা।১৯৬২ সালের ১৯ মে তৎকালীন ঢাকা পৌরসভায় পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন আলী হোসেন। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় একাধিক পদোন্নতি পেয়ে ক্রমে ১৯৮০ সালের ৮ মে উচ্ছেদ কর্মকর্তা হন তিনি। সরকারের অনেক সম্পত্তি দখলমুক্ত করেছিলেন। একপর্যায়ে ১৯৮১ সালের ১৮ এপ্রিল কোনো কারণ না দেখিয়ে আলী হোসেনের পদাবনতি করা হয়। আলী হোসেনের অভিযোগ, স্বার্থহানি হওয়ায় ক্ষুব্ধ কয়েকজন অসাধু কর্মকর্তার চালে এটি হয়। অবনতি পাওয়া পদে যোগ না দিয়ে আলী হোসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেন। এর জের হিসেবে ওই বছরই তাঁকে চাকরিচ্যুত করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় ১৯৮৩ সালের ১৪ এপ্রিল এক আদেশে আলী হোসেনের চাকরিচ্যুতি বিধিসম্মত হয়নি বলে মত দিয়ে তা বাতিল করে। ওই আদেশে তাঁকে ১৯৮১ সালের ১৮ এপ্রিল থেকে চাকরিতে পুনর্বহাল, বিধি অনুযায়ী বেতনভাতা দেওয়া ও জ্যেষ্ঠতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তা না করে ঢাকা মিউনিসিপ্যাল করপোরেশন কর্তৃপক্ষ তিনবার মন্ত্রণালয়ের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে। তিনবারই মন্ত্রণালয় পুনর্বহালের নির্দেশ বহাল রাখে। সর্বশেষ ২০০৫ সালের ৩১ জানুয়ারি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. সিরাজুল হায়দারের সই করা এক পত্রে (স্মারক নম্বর-পৌর-১/এ-১২/৯১/১২৯) আলী হোসেনকে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।পাওনা বুঝে পেতে হাইকোর্টে রিট আবেদনও করেন আলী হোসেন। গত ২৮ অক্টোবর আদালত তাঁর চাকরি পুনর্বহালের পক্ষে রায় দেন। রায়ে আদালত বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশ সত্ত্বেও ঢাকা সিটি করপোরেশন (সংক্ষেপে ডিসিসি যা ঢাকা মিউনিসিপ্যাল করপোরেশনের উত্তরসূরি) তাঁর পাওনা বাস্তবায়নে কোনো পদক্ষেপই নেয়নি। এ ক্ষেত্রে ডিসিসি আলী হোসেনের সঙ্গে মারাত্মক অবিচার করেছে।আলী হোসেন এখন রাজধানীর মোহাম্মদপুরে বড় ছেলের সঙ্গে থাকেন। ছেলে পান-সিগারেট বিক্রি করে কোনো রকমে নিজের সংসার চালায়। দুঃখের কথা বলতে গিয়ে আলী হোসেন প্রথম আলোকে জানান, তাঁর স্ত্রীর ব্লাড ক্যানসার হয়েছিল। রোগে ভুগে ২০০১ সালে তিনি মারা যান। টাকার অভাবে স্ত্রীর চিকিৎসা করাতে পারেননি। আলী হোসেন বললেন, ‘বকেয়া বেতন ও অবসরকালীন ভাতা মিলিয়ে ডিসিসির কাছে আমার পাওনা ৩০ থেকে ৩৫ লাখ টাকা হবে। এত পাওনা থাকার পরও আমাকে ফকিরের মতো দিন কাটাতে হচ্ছে।’আলী হোসেনের চাকরি পুনর্বহাল ও পাওনার বিষয়ে যোগাযোগ করা হলে ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা শুক্রবার প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আদালতের নির্দেশনায় কী আছে, তা দেখার পরই বিষয়টি পরিষ্কার হবে।