২৯৪৮ শহীদ মুক্তিযোদ্ধার পরিবারকে ভাতা দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে শহীদ সামরিক ও আধা সামরিক বাহিনীর দুই হাজার ৯৪৮ জন সদস্যের পরিবারকে রাষ্ট্রীয় সম্মানী ভাতা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সংসদ।সংগঠনটি গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায়। সংবাদ সম্মেলনে পড়া লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি হাজী এমদাদুল হক ভাতা না পাওয়া এইশহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সরকার-ঘোষিত দুই চুলা গ্যাস ও ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়া, সব শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে ভিআইপি মর্যাদাদান ও যুদ্ধপরাধীর বিচার কার্যক্রম দ্রুত শেষ করার দাবি করেন।সংবাদ সম্মেলনে বলা হয়, স্বাধীনতার ৪০ বছরেও সামরিক ও আধা সামরিক বাহিনীর দুই হাজার ৯৪৮ জন শহীদ মুক্তিযোদ্ধার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয়নি।সংগঠনের সহসভাপতি মো. হাফিজ বলেন, শহীদেরা সরকারি চাকুরে হওয়ার কারণে তাঁদের পরিবার কেবল এক হাজার থেকে দেড় হাজার টাকা পেনশন পেয়ে থাকেন, যা দিয়ে বর্তমানে একজনের খরচও হয় না। শহীদদের স্ত্রীর মৃত্যুর ক্ষেত্রে সেই পেনশনও বন্ধ হয়ে যাওয়ায় পরিবারগুলো কোনো সহায়তাই পায় না। মো. হাফিজ এসব পরিবারের জন্য অতি দ্রুত নির্দিষ্ট পরিমাণ মাসিক ভাতার ব্যবস্থা করার অনুরোধ জানান।