ঈদে অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ শনিবার ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে দুই থেকে তিন ঘণ্টার মধ্যে সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়। টিকিট না পেয়ে কয়েক শ টিকিটপ্রত্যাশী কাল রোববার টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
আজ সকাল আটটায় কমলাপুর রেলওয়ে স্টেশনে ৬ জুলাইয়ের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। কোনো কোনো কাউন্টারে ১০টার মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। নারীদের একটি কাউন্টার ছাড়া পুরুষদের সব কাউন্টারে ১১টার মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়।
টিকিট শেষ হয়ে যাওয়ার পরও টিকিট প্রত্যাশীদের লাইন থেকে গেছে। কাল সকাল আটটায় ৭ জুলাইয়ের ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়া মাত্রই টিকিট কেনার আশায় আজ সারা দিন ও রাত স্টেশনে থাকবেন তাঁরা।
স্টেশনে গিয়ে দেখা যায়, টিকিট শেষ হয়ে যাওয়ার পরও লাইনে দাঁড়িয়ে আছেন কয়েক শ মানুষ। তাঁরা নিজেদের মধ্যে সিরিয়াল করছেন। সেই সিরিয়াল করা নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোলও হচ্ছে। কেউ কেউ অভিযোগ তুলছেন যে পেছনে থাকা অনেক ব্যক্তির সিরিয়াল আগে হয়ে যাচ্ছে।
আজ টিকিট বিক্রি শেষ হওয়ার পর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন লাইনে বিশৃঙ্খল পরিস্থিতি চলতে দেখা যায়।
কমলাপুর রেলওয়ে স্টেশনে উত্তরাঞ্চলগামী আন্তনগর ও বী.মু.সি.ই (পঞ্চগড়) ঈদ স্পেশাল ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে।
এখানে মোট ১০টি কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হয়। তার মধ্যে মাত্র ১টি কাউন্টার নারীদের জন্য, ৯টি পুরুষদের জন্য। পুরুষের প্রতি কাউন্টারে কাল বিক্রি হতে যাওয়া অগ্রিম টিকিটের জন্য মানুষ আজই অবস্থান নিয়েছেন।
গতকাল শুক্রবার বিকেলে টিকিটের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী শাফিউল্লাহ। যখন আসেন, তখন তাঁর সিরিয়াল ছিল ৮৮ নম্বর। আজ তাঁর সামনে ১০ জনের মতো থাকতেই টিকিট শেষ হয়ে যায়। তিনি কাল টিকিট কাটার জন্য লাইনে থেকে গেছেন। এখন তাঁর সিরিয়াল নম্বর ২।
শাফিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এবার কোরবানির পশুবাহী গাড়ি চলাচল করবে। রাস্তায় অনেক যানজট থাকবে। তাই কষ্ট হলেও ট্রেনের টিকিট কাটব। সে জন্য আজকে সারা দিন ও রাত স্টেশনে থাকব। একবার ট্রেনের টিকিট পেলে যাওয়া সহজ হয়ে যাবে।’