৩.৮৩ একর জায়গা বুঝে পেল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের উত্তর পাশে (শাহবাগে বাংলাদেশ বেতার ভবনের বিপরীতে) ৩ দশমিক ৮৩ একর জায়গার বরাদ্দ ও দখল বুঝে পেয়েছে কর্তৃপক্ষ। এই জায়গার সরকারি মূল্য প্রায় ১৬৩ কোটি টাকা। জায়গাটি দীর্ঘদিন ধরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের দখলে ছিল। গতকাল বৃহস্পতিবার ঢাকার জেলা প্রশাসক (রাজস্ব বা আরডিসি) আবুল বাশার মো. ফখরুজ্জামান বিশ্ববিদ্যালয়কে এ জায়গার দখল বুঝিয়ে দেন। শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এই জমির বরাদ্দ পাওয়ার জন্য বিএসএমএমইউ সরকারকে নির্ধারিত মূল্যের ১০ শতাংশ হিসেবে মোট ১৬ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার নয় টাকা দিয়েছে। বিএসএমএমইউ কর্তৃপক্ষ এ জায়গার ওপর দেড় হাজার শয্যার একটি নতুন হাসপাতাল নির্মাণ করবে বলে জানা গেছে। দখল বুঝে পাওয়ার পর ওই জায়গার কিছু অবৈধ স্থাপনাও গতকাল উচ্ছেদ করা হয়। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ১৯৯৬ সালে ভূমি মন্ত্রণালয় ওই জায়গা অধিগ্রহণ করে রাজউককে দেয়। রাজউক তা পাঁচ তারকা হোটেল নির্মাণের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেয়। কিন্তু প্রতিষ্ঠানটি হোটেল নির্মাণ করতে ব্যর্থ হওয়ায় ভূমি মন্ত্রণালয় ওই জায়গা ফেরত নেয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ ও আধুনিকায়নের উদ্দেশ্যে ওই জমি চেয়ে সরকারের কাছে আবেদন করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সরকার বিএসএমএমইউকে ৯৯ বছরের জন্য এ জায়গা বরাদ্দ দেয়।জায়গাটি বুঝে নেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ সহিদুল্লা, সহ-উপাচার্য (শিক্ষা) মো. রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন, পরিচালক (হাসপাতাল) আবদুল মজিদ ভুঁইয়া, প্রধান সম্পত্তি কর্মকর্তা আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেওয়ার পরও দীর্ঘদিন জমিটি উপরোক্ত বেসরকারি প্রতিষ্ঠান দখল করে ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জমিটি তাদের অনুকূলে আনার চেষ্টা করলেও নানা মামলা-মোকদ্দমার ফাঁদে সে প্রক্রিয়া এগোয়নি। তাই জমিটির আগের ইজারা বাতিল করে সরাসরি জেলা প্রশাসন তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে। পরিচালক আবদুল মজিদ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, এই জায়গা এত দিন অবৈধ দখলদারদের দখলে ছিল। জমিটি খাস হওয়ায় সরকার বিশ্ববিদ্যালয়কে ৯৯ বছরের জন্য তা ইজারা দেয়। কিন্তু দখল না পাওয়ায় জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেটরা আজকে দখল বুঝিয়ে দিয়েছেন। ওই জায়গায় দখলদারদের সব স্থাপনা ও সাইনবোর্ড বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।