৩০ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ অর্থবছরের জন্য ৩০ কোটি ৪৮ টাকার রাজস্ব (অনুন্নয়ন) বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজাটের চার ভাগের প্রায় তিন ভাগই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতায় ব্যয় হবে। আর শিক্ষা ও আনুষঙ্গিক খাতে বরাদ্দ ধরা হয়েছে মাত্র তিন কোটি ৪৫ লাখ টাকা, যা মোট বাজেটের ১০ ভাগের এক ভাগ।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে কোষাধ্যক্ষ শওকত জাহাঙ্গীর এ বাজেট উপস্থাপন করেন।বাজেট পর্যালোচনায় দেখা যায়, বাজেটের ৭২ দশমিক ২ শতাংশ অর্থাৎ ২২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বেতন-ভাতার খাতে। এ ছাড়া বাজেটের বাদবাকি খাতগুলোর যেমন সরবরাহ ও সেবা (সাধারণ আনুষঙ্গিক ও শিক্ষা আনুষঙ্গিক), মেরামত সংরক্ষণ ও পুনর্বাসন এবং সম্পদ সংগ্রহ ও ক্রয় খাতে বরাদ্দ দেওয়া হয়েছে মোট আট কোটি ৪৮ লাখ টাকা।বাজেটের মোট টাকার ৬৪ শতাংশ অর্থাৎ ১৯ কোটি ৪৮ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুদান থেকে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে আসবে ১১ কোটি টাকা।কোষাধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের সুবিধাদি খাতে প্রায় পাঁচ গুণ অর্থ বরাদ্দ বেশি রাখা হয়েছে। ব্যয়দক্ষতা বাড়াতে পারলে এই অর্থবছরেই সংশোধিত বাজেটে বরাদ্দ আরও বাড়ানো সম্ভব হবে।