ডিপ্লোমা বেকার নার্সদের অনশন কর্মসূচির পঞ্চম দিনে গতকাল ৩০ জন নার্স অসুস্থ হয়ে পড়েন এবং আটজনের অবস্থা খারাপ হওয়ায় চিকিত্সার জন্য হাসপাতালে পাঠানো হয়। ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগে প্রধানমন্ত্রীর ঘোষণা উপেক্ষা করে জেলা কোটা অনুসরণের প্রতিবাদে মুক্তাঙ্গনে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে গতকাল পর্যন্তও তারা কোনো আশ্বাস পায়নি। আজ বেলা ১১টায় মুক্তাঙ্গন থেকে শহীদ মিনার পর্যন্ত ভুখা মিছিল ও কাল সোমবার কফিন মিছিল বের করবেন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। এরপরও দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি হাতে নেওয়ার হুমকি দিয়েছেন নার্সরা।অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. ইকবাল হোসেন প্রথম আলোকে জানান, গত ৩১ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নার্সিং শাখা থেকে সেবা পরিদপ্তর বরাবর লিখিত এক চিঠিতে মন্ত্রিসভার বৈঠকের আলোচনার আলোকে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি অনুসরণ করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। আবার এই একই চিঠিতে জরুরি ভিত্তিতে সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্সের শূন্যপদ পূরণের জন্য ১৯৭৯ সালের চাকরিবিধি অনুসরণ না করে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের যে পদ্ধতি আছে, তা অনুসরণ করা এবং চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নার্সদের বয়সসীমা ৩৩ থেকে ৩৬ বছর পর্যন্ত করার সরকারি সিদ্ধান্তের কথাও উল্লেখ করা হয়েছে। চিঠিতে স্ববিরোধী বক্তব্য থাকায় বেকার নার্সরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালের ২৫ নভেম্বর অবৈধভাবে ১৯টি জেলায় নার্স নিয়োগের অযোগ্য দেখিয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। অ্যাসোসিয়েশনের নেতারা বলেছেন, দাবি না মানা পর্যন্ত অনশন কর্মসূচি চলতেই থাকবে। এতে কোনো প্রকার প্রাণহানি হলে ও উদ্ভূত সব পরিস্থিতির জন্য সেবা পরিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই দায়ী থাকতে হবে।