৩০ টাকায় হাতিরঝিলে চক্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধন করা হয় l ছবি: প্রথম আলো
গতকাল হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধন করা হয় l ছবি: প্রথম আলো

দীর্ঘ প্রতীক্ষার শেষে রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় কাঙ্ক্ষিত বাস সার্ভিস অবশেষে চালু হয়েছে। গতকাল বুধবার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এই বাস সার্ভিসের উদ্বোধন করেন।
প্রাথমিক অবস্থায় ২৭ আসনের চারটি সাধারণ বাস নিয়ে এই সার্ভিস চালু হয়েছে। এক মাসের মধ্যে আরও দুটি শীতাতপনিয়ন্ত্রিত বাস এ বহরে যুক্ত হবে। যাত্রী ওঠানো-নামানোর জন্য প্রকল্প এলাকার ১০টি জায়গা নির্ধারণ করা হয়েছে। টিকিট পাওয়া যাবে রামপুরা, মধুবাগ, এফডিসি মোড়, বউবাজার, শুটিং ক্লাব ও মেরুল বাড্ডার ছয় কাউন্টারে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের হাতিরঝিল প্রকল্পের পরিচালক জামাল আক্তার ভূঁইয়া বলেন, এর ন্যূনতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। বাস ছাড়বে রামপুরা ব্রিজের গোড়া থেকে। সেখান থেকে মহানগর প্রজেক্ট ও মধুবাগ হয়ে এফডিসি ক্রসিং পর্যন্ত ভাড়া ১৫ টাকা। আবার এফডিসি ক্রসিং থেকে বেগুনবাড়ি, কুনিপাড়া, পুলিশ প্লাজা এবং মেরুল বাড্ডা হয়ে রামপুরা পর্যন্ত একই ভাড়া কার্যকর হবে। যদি কোনো যাত্রী রামপুরা ব্রিজ থেকে বৃত্তাকার পথ ঘুরে আবার রামপুরায় যেতে চান, তাহলে তাঁকে ৩০ টাকা পরিশোধ করতে হবে। সকাল সাতটা থেকে বিরতিহীনভাবে রাত ১১টা পর্যন্ত এই বাস সার্ভিস চালু থাকবে।
হাতিরঝিল প্রকল্পের অন্যতম উদ্দেশ্য ছিল রাজধানীর পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে যোগাযোগ সহজ করা। কিন্তু ২০১৩ সালের ২ জানুয়ারি প্রকল্পটি উদ্বোধনের পর প্রায় তিন বছর ধরে প্রকল্প এলাকার দুই পাশে ১৬ কিলোমিটার রাস্তায় কোনো বাস অথবা মিনি বাস চলাচলের অনুমতি ছিল না। ফলে এই এলাকার মধ্য দিয়ে যাতায়াতের ক্ষেত্রে তেজগাঁও, গুলশান, বাড্ডা, বনশ্রী, রামপুরা, নিকেতন, মধুবাগ, মহানগর প্রজেক্ট, উলন ও মগবাজার এলাকায় বসবাসরত মানুষের দুর্ভোগ ছিল নিত্যদিনের।
উদ্বোধনী অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী বলেন, হাতিরঝিল হয়ে উঠবে ঢাকাবাসীর আনন্দ আয়োজনের কেন্দ্রস্থল। ধীরে ধীরে গুলশান, বনানী ও বারিধারা লেককেও হাতিরঝিলের সঙ্গে সংযুক্ত করা হবে। নির্মাণ করা হবে অনেকগুলো দৃষ্টিনন্দন সেতু, অপেরা হাউস, এম্ফিথিয়েটারসহ ফোয়ারা এবং ভাসমান রেস্তোরাঁ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আগে রামপুরা থেকে কারওয়ান বাজার যেতে ৪০ মিনিটের বেশি লাগত। এখন বাসে করে সেটা ১০ মিনিটেই সম্ভব হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণপূর্তসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, রাজউক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া, প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ এবং পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খন্দকার গোলাম ফারুক।
হাতিরঝিল প্রকল্পটি গড়ে উঠেছে ৩০২ একর জমির ওপর। রাজধানীর পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে যোগাযোগব্যবস্থাসহ বৃষ্টির পানি ও পয়োনিষ্কাশনের মাধ্যমে রাজধানীর একটি বড় অংশের জলাবদ্ধতা দূর করা, বৃষ্টি ও বন্যাজনিত পানি ধারণ, নগরের নান্দনিক সৌন্দর্য বাড়ানো ও সার্বিক পরিবেশের উন্নয়ন করাই এ প্রকল্পের লক্ষ্য।