৩০ ডিসেম্বরের মধ্যে গাবতলী যানজটমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হক
আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, ৩০ ডিসেম্বরের মধ্যে গাবতলী বাস টার্মিনাল এলাকা যানজটমুক্ত করা হবে। রাস্তায় বাস-ট্রাক-মিনিবাস দাঁড়াতে দেওয়া হবে না।
গতকাল বুধবার গাবতলী বাস টার্মিনাল ও আমিনবাজার ট্রাক টার্মিনাল এলাকা ঘুরে দেখার পর উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মেয়রের আহ্বানে সাড়া দিয়ে বাসশ্রমিক সংগঠনের নেতারা আশ্বাস দেন, ২৯ ডিসেম্বরের মধ্যে তাঁরা টার্মিনালের সামনের স্থান যানজটমুক্ত করবেন।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, গতকাল সকাল সোয়া ১০টার দিকে মেয়র আনিসুল হক গাবতলী বাস টার্মিনালে পৌঁছালে শ্রমিক সংগঠনের তিন শতাধিক নেতা-কর্মী স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। মেয়র এসেই সেখানে উপস্থিত মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ইমতিয়াজ আহমেদের কাছে জানতে চান, টার্মিনালের সামনের রাস্তায় বাস-ট্রাক দাঁড়িয়ে থাকে কী করে?
উপকমিশনার বলেন, ঈদের আগে বাস রাখার জন্য দুটি লেন করা হয়েছিল, তারপরও রাস্তায় বাস রাখা হয়। কথা শোনে না। পরে মেয়র প্রধান সড়ক পরিদর্শনে গেলে বাস-ট্রাকশ্রমিকেরা রাস্তায় দাঁড়ানো বাস সরিয়ে দেন। পরে রাস্তায় রাখা ঈগল পরিবহন, হানিফ পরিবহন এবং গাবতলী-সায়েদাবাদ রুটের কিছু বাস রাস্তা থেকে সরে যায়। মেয়র আসার আগে গাবতলীর অন্তত ২০০ মিটার রাস্তায় দুই থেকে তিন সারি বাস দাঁড়িয়ে ছিল। পরে রাস্তা ফাঁকা হয়ে যায়।
মেয়র পার্শ্ববর্তী ট্রাক টার্মিনাল ও বেড়িবাঁধ এলাকা দেখতে গেলে সেখানেও প্রচণ্ড ভিড় জমে যায়। পেছনের অংশে সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি মন্ত্রণালয়ের মালিকানাধীন জায়গা রয়েছে। এসব স্থানে অবৈধভাবে যানবাহন ও নির্মাণসামগ্রী রাখা হয়েছে। এ সময় একাধিক শ্রমিকনেতা খালি জায়গায় যানবাহন রাখার ব্যবস্থা করে দিতে বললে মেয়র বলেন, জায়গা দেওয়ার মালিক তিনি নন।
পরে মেয়র আবারও গাবতলী বাস টার্মিনালে ফিরে আসেন। সেখানে শ্রমিকনেতাদের সঙ্গে নিয়ে মেয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মেয়র বলেন, ঢাকা শহরের অনেক জায়গায় খুব যানজট হতো। কিছু জায়গা যানজটমুক্ত বা সুশৃঙ্খল অবস্থায় আনা হয়েছে। সব জায়গায় তা সম্ভব হয়েছে শ্রমিকনেতাদেরই নেতৃত্বে। গাবতলীতেও তা-ই হবে। মহাখালীতে প্রচণ্ড যানজট হতো, রাস্তায় বাস দাঁড়িয়ে থাকত। তা মুক্ত করা হয়েছে। তেজগাঁওয়ে অতীতে যা করা যায়নি, এখন সেখানে বিশাল খালি জায়গা।
আনিসুল হক বলেন, গাবতলী ও আমিনবাজার খুব বড় যানজট এলাকা। রাস্তায় রাস্তায় শত শত বাস-ট্রাক দাঁড়িয়ে থাকে। এখানে শ্রমিকনেতারা কথা দিয়েছেন সামনে আর এগুলো থাকবে না। তাঁরা বলেছেন, ‘আর কয়েক দিনের মধ্যে রাস্তা স্থায়ীভাবে খালি হয়ে যাবে। এখানে যানজট কমলে ঢাকার যানজটও সার্বিকভাবে কমে যাবে। স্থানীয় সাংসদ আসলামুল হক, এলাকার কমিশনাররা, পুলিশ বাহিনী—সবাই আমাকে সাহায্য করবেন।’
একপর্যায়ে মেয়র শ্রমিকনেতাদের সরাসরি কথা বলার অনুরোধ জানালে বাস টার্মিনাল শ্রমিক কমিটির আহ্বায়ক সাবেক কাউন্সিলর মফিজুল হক, ঢাকা জেলা যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্বাস আলী বক্তৃতা দেন। মফিজুল হক শ্রমিকদের পক্ষ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে গাবতলীকে যানজটমুক্ত করার ঘোষণা দেন। সেদিন মেয়রকে নিয়ে বড় সমাবেশ করা হবে।
গাবতলীতে মেয়রের সঙ্গে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কুদরতউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান, শ্রমিকনেতা আমানউল্লাহ উপস্থিত ছিলেন।