৩০ লাখ টাকার বিদেশি নকল বই জব্দ, গ্রেপ্তার ৬
রাজধানীর একটি বই বাঁধাইখানায় অভিযান চালিয়ে অন্তত ৩০ লাখ টাকা মূল্যের দুই হাজারের বেশি নকল (পাইরেটেড) বিদেশি বই উদ্ধার করেছে কপিরাইট টাস্কফোর্স। গতকাল বুধবার রাজধানীর কলাবাগানে সুমি বুক বাইন্ডিংয়ে অভিযান চালিয়ে চিকিৎসাশাস্ত্রের এসব বই জব্দ করা হয়।এ ঘটনায় ওই কারখানার ছয়জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে মালিক পলাতক রয়েছেন। এ ব্যাপারে কলাবাগান থানায় মামলা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ম্যাক লেয়ডের ক্লিনিক্যাল এক্সামিনেশন বইটির দ্বাদশ সংস্করণ, প্যাথলজিক্যাল বেসিস অব ডিজিজ, এলিমেন্টস অব নিউক্লিয়ার ফিজিক্স, গাইনোকোলজিসহ চিকিৎসাশাস্ত্রের বেশ কিছু বিদেশি বই নকল করে বাঁধাই করা হচ্ছিল ওই কারখানায়। বাঁধাই করার পর এসব নকল বই নীলক্ষেতের বইয়ের বাজারে সরবরাহ করা হতো বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বইগুলো কোথায় ছাপা হয়েছে তা জানা যায়নি।কপিরাইট রেজিস্ট্রার মো. মনজুরুর রহমান ও র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শাফিউল সরওয়ারের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।মো. মনজুরুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা এ অভিযান চালান। মেডিকেলের শিক্ষার্থীদের পাঠ্য অন্তত পাঁচটি বিদেশি বইয়ের বাঁধাই চলছিল সেখানে। তিনি জানান, সব মিলে দুই হাজারের বেশি নকল বই তাঁরা উদ্ধার করেছেন। এসব বইয়ের মূল্য অন্তত ৩০ লাখ টাকা। এ ঘটনায় কপিরাইট আইনের ৮২, ৮৫ ও ৪২০ নম্বর ধারায় মামলা করা হয়েছে।নকল করা ম্যাক লেয়ডের ক্লিনিক্যাল এক্সামিনেশন বইটির দ্বাদশ সংস্করণের দাম এক হাজার ২০০ টাকা। নকল ওই বইটির প্রথম পাতায় লেখা, ‘এ বইয়ের কোনো অংশ অনুমতি ছাড়া ছাপা বা নকল করা দণ্ডনীয় অপরাধ’। নকল করা বইগুলো দেখে বোঝার উপায় নেই যে এগুলো আসল নয়। তাই এগুলো চড়া দামে বিক্রি হয়। প্যাথলজিক্যাল বেসিস অব ডিজিজ বইটির দাম এক হাজার ৭০০ টাকা, গাইনোকলজির দাম লেখা আছে ৬৫০ টাকা। গ্রেপ্তার হওয়া কর্মচারী হাসমত আলী জানান, তাঁরা জানতেন না যে এসব বই নকল করা হচ্ছে। তাঁদের মালিক বইয়ের ফর্মা এনে দিতেন, তাঁরা বাঁধাই করতেন। বাঁধাই শেষে বইগুলো নীলক্ষেতে সরবরাহ করা হতো।