৩০-৩১ ডিসেম্বর ঢাকা-সুনামগঞ্জ নারী জাগরণ যাত্রা-৩
আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উপলক্ষে কাল বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হবে ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত ‘নারী জাগরণ যাত্রা-৩’। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বছরব্যাপী কর্মসূচি পালনের অংশ হিসেবে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মুক্তি ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সিপিবির চলমান বছরব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে নারী জাগরণের বার্তা নিয়ে পথে পথে পথসভা, সমাবেশ, জনসভা ও নারীমুক্তির লক্ষ্যে তৃণমূল পর্যায়ে প্রচারণা চালানো হবে। প্রতিনিধিদলের নেতারা বাহাত্তরের সংবিধানের পূর্ণ বাস্তবায়ন এবং দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার দাবি জানাবেন। এর আগে গত ৩ থেকে ৫ মার্চ তেঁতুলিয়া এবং ৫ থেকে ৭ অক্টোবর ঢাকা থেকে মংলায় নারী জাগরণ যাত্রা-১ ও ২ অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য লঙ্ক্ষী চক্রবর্তী, উদ্যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক লুনা নূর, কেন্দ্রীয় কমিটির সদস্য লীনা চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।