৩০০ ফিট সড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর খিলখেত থানা এলাকার ৩০০ ফিট সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আনজিম খান (২৮) ও আমির হোসেন রিয়াজ (২০)। তাঁরা রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায় থাকতেন।

আনজিম খান ও আমির হোসেন পড়াশোনার পাশাপাশি শরীরচর্চাকেন্দ্রের (জিম) ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে খিলক্ষেত থানা-পুলিশ।

এ ঘটনায় পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সুধাংশু সরকার প্রথম আলোকে বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই আনজিম খান ও আমির হোসেনের মৃত্যু হয়।

খিলক্ষেত থানা-পুলিশ জানায়, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।