৩০০ মিটার লাউতলা খাল উদ্ধার

গতকাল বুধবারের অভিযানে তিনতলা একটি ভবনের একাংশ, প্রায় ৩০টি দোকান ও টিনশেডের শতাধিক বস্তিঘর ভাঙা হয়।

চতুর্থ দিনের মতো অভিযান চালিয়ে লাউতলা খালের দখল ও ভরাট হয়ে যাওয়া প্রায় ৩০০ মিটার জায়গা উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ। গতকাল দুপুরে মোহাম্মদপুরের বছিলা এলাকায়ছবি: ড্রিঞ্জা চাম্বুগং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের বছিলার লাউতলা খাল উদ্ধারে চতুর্থ দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল বুধবারের অভিযানে তিনতলা একটি ভবনের একাংশ, প্রায় ৩০টি দোকান ও টিনশেডের শতাধিক বস্তিঘর ভাঙা হয়। পাশাপাশি খালটির খননকাজ চলছে। অভিযানে গতকালই খালের ৩০০ মিটার উদ্ধার হয়েছে।

সরেজমিনে দেখা যায়, তিনটি ভারী খননযন্ত্র ব্যবহার করে খালের খননকাজ চলছে। পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়া লাউতলা খাল এখন আরও বেশি দৃশ্যমান। খালে পানির প্রবাহ ফেরাতে রামচন্দ্রপুর খালে জমে থাকা আবর্জনা পরিষ্কার ও লাউতলা খালের সঙ্গে যুক্ত স্থানে খননের কাজ করেন করপোরেশনের কর্মীরা।

স্বপ্নধারা হাউজিং মূল সড়কের (বছিলা ৪০ ফুট রাস্তা) পূর্ব পাশে খালের জায়গা দখল করে বানানো অবৈধ দোকান ও ঘরবাড়ি ভাঙার কাজ শুরু হয় দুপুরের পর। এ সময় একটি তিনতলা আবাসিক ভবন, ডেইরি ফার্ম ও অর্ধশতাধিক দোকানের একাংশ ভেঙে ফেলা হয়।

এর পাশাপাশি মমতাজ শপিং কমপ্লেক্সের অংশ দিয়ে উত্তর-পূর্ব অংশে ৫০০ মিটার খাল যেখানে পুরো দখল হয়ে গিয়েছিল, সেখানে গড়ে তোলা টিনশেডের বস্তিঘর, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজ, গাড়ি মেরামতের ওয়ার্কশপ ও দোকানপাট ভেঙে ফেলা হয়। অভিযান চাঁদ উদ্যান আবাসিক এলাকার ৭ নম্বর সড়ক পর্যন্ত গিয়ে শেষ হয়। এ অংশেই দুটি ১০ তলার আবাসিক ভবন আছে। দুই ভবনই খালের আংশিক জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে। এই দুই ভবনের একটির ৩০ ফুট, অন্যটির ৭ ফুট ভাঙা হবে বলে জানান করপোরেশনের কর্মীরা।

ওই অংশে খালের জায়গা দখল করে একতা সমবায় সমিতি শতাধিক বস্তিঘর বানিয়েছিল। তাতে দুই ধরনের ঘর ভাড়া দিয়ে ব্যবসা করতেন সমিতির নেতারা। বারান্দাসহ টিনের ছাউনির ঘরের ভাড়া দিতে হতো ৪ হাজার ৪০০ টাকা, এক কক্ষের ভাড়া ছিল ৩ হাজার ৫০০ টাকা। সমিতির একজন ব্যবস্থাপক ভাড়া সংগ্রহ করতেন।

সমিতির একটি ঘরে ভাড়া থাকতেন গৃহকর্মী পারভিন বেগম। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘মাথায় শুধু পেটের চিন্তা। জায়গা বৈধ নাকি অবৈধ, তা যাঁরা ভাড়া নেন, তাঁরাই জানেন।’ তবে অভিযানে তাঁর অনেক ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অভিযান হবে, সেটা মালিক, করপোরেশন কেউ আগে থেকে বলেনি। এখন জিনিসপত্র নিয়ে টানাটানি করতে হচ্ছে। এসবের কারণে দুদিন কাজে যেতে পারি নাই। তাই কাজেও আর যেতে হবে না বলে জানিয়ে দিয়েছে।’

খালের জায়গা ভরাট করে একটি অটোরিকশার গ্যারেজ গড়ে তোলা হয়েছিল। গ্যারেজ চালাতেন মিজানুর শেখ নামের একজন। প্রায় ৭০টি অটোরিকশা ওই গ্যারেজে রাখা হতো। মাসে ৭০০ টাকা হিসাবে ভাড়া পেতেন ৪৯ হাজার টাকা।

নাম প্রকাশ না করার শর্তে এক অটোরিকশাচালক বলেন, গ্যারেজের জায়গা ভাড়া নেওয়া। জমির মালিক অন্য একজন। মালিককে জায়গার ভাড়া বাবদ মাসে ২০ হাজার টাকা দিতে হতো। এ ছাড়া স্থানীয় নেতা-কর্মী ও পুলিশ সদস্যদেরও ম্যানেজ করে চলা লাগত।

ঢাকা উত্তর সিটির ৫ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, দখল হওয়া প্রায় ৩০০ মিটার খাল উদ্ধার করা হয়েছে। এখানে খননকাজ করতে হবে। শিগগিরই ওই ১০ তলার দুটি ভবন ভাঙার কাজ শুরু হবে জানিয়ে তিনি বলেন, ঢাকা জেলা প্রশাসন ও সিটি করপোরেশন যৌথভাবে খালের সীমানা চিহ্নিতকরণের কাজ করছে। ওই (১০ তলা ভবন) অংশে সীমানা চিহ্নিত করার পর আবার উচ্ছেদ অভিযান চলবে।