৩১ জুলাই ধর্মঘট ডেকেছে ঢাকা পণ্য পরিবহন এজেন্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩১ জুলাই থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সি মালিক ঐক্য পরিষদ। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ কর্মসূচি ঘোষণা করে।পণ্য পরিবহন সংগঠনের নেতারা বলেন, পণ্যবাহী ট্রাক ঢাকায় প্রবেশের নতুন সময়সূচি বাতিল, ট্রাক টার্মিনাল নির্মাণ ও সড়কপথে গাড়ি ছিনতাই প্রতিরোধ ও হাইওয়ে পুলিশের হয়রানির প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে।সংবাদ সম্মেলনে পুরান ঢাকার জন্য রাত আটটা থেকে সকাল আটটা সময়সূচি কার্যকর, ওই এলাকায় স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণ, স্থলপথে পণ্য পরিবহনে নীতিমালা প্রণয়ন, সরকারি খাসজমিতে পরিবহন এজেন্সি জোন করার দাবি জানান নেতারা। তা না হলে ৩১ জুলাই থেকে পরিবহন এজেন্সির মাধ্যমে মালামাল বুকিং, ডেলিভারি, লোড-আনলোড পুরোপুরি বন্ধ রাখা হবে বলে তাঁরা জানান।সংগঠনের নেতারা বলেন, জরুরি পণ্য বুকিং, সরবরাহ, আনা-নেওয়ার ক্ষেত্রে সবাই পণ্য পরিবহন এজেন্সির শরণাপন্ন হয়। কিন্তু পণ্য পরিবহন নিয়ে কোনো সমস্যায় পড়লে পণ্য পরিবহন এজেন্সিকে গুরুত্ব না দিয়ে ট্রাক-মালিক ও শ্রমিক সংগঠনকে ডাকা হয়। তাই দিন দিন এ খাতের সমস্যা বেড়েছে। সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক আমান উল্লাহ, আবদুল মান্নান প্রমুখ বক্তব্য দেন।