৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে বার বন্ধ
মাদকের অপব্যবহার ও উচ্ছৃঙ্খলতা রুখতে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পয়লা জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশর সব বার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে এই সময়ের মধ্যে তিন, চার ও পাঁচতারকা হোটেলের বারগুলোতে কেবল বিদেশিদের কাছে অ্যালকোহলযুক্ত পানীয় (মদ) বিক্রি করা যাবে।
আজ সোমবার দুপুরে তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের মহাপরিচালক রাকিবুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, এই সিদ্ধান্তের পেছনে আরও একটি উদ্দেশ্য হলো কোনো গোষ্ঠী বা জঙ্গি সংগঠন যেন হামলা চালাতে না পারে। কেননা বিচ্ছিন্নভাবে হলেও এ ধরনের ঘটনা ঘটছে।
মহাপরিচালক বলেন, দেশের সব অবৈধ বার বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়া সিসা বার নিয়ে নানা কথা হচ্ছে। অধিদপ্তর এ সংক্রান্ত নমুনা সংগ্রহ করছে। সিসাতে মাদক পাওয়া গেলে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে।
প্রতিষ্ঠানের অতিরিক্ত মহাপরিচালক আমির হোসেন বলেন, হোটেল বা রেস্তোরাঁর কোনো অনুষ্ঠানে অ্যালকোহলের ব্যবহার রাখা যাবে না। এটা হলে অধিদপ্তর ব্যবস্থা নেবে।
হটলাইন চালু: সারা দেশে মাদক পাচার ও এর অপব্যবহার রোধে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর হটলাইন নম্বর চালু করেছে। নম্বর দুটি হলো ০১৭০৮৯০৪৪৫৪ ও ০২-৮৮৭০০১২। এই নম্বরে ফোন করে যে কেউ মাদক সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে পারবেন। তাঁর পরিচয় গোপন রাখবে অধিদপ্তর। তথ্য দেওয়ার পর অধিদপ্তর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।
মহাপরিচালক বলেন, তথ্য দেওয়ার পর ব্যবস্থা নিতে দেখলে সাধারণ মানুষ আরও বেশি তথ্য দিতে উৎসাহী হবেন। তিনি বলেন, আগামী পয়লা জানুয়ারি থেকে এক মাসব্যাপী দেশব্যাপী মাদক বিরোধী অভিযান ও প্রচারণা চলবে। সচেতনতা বাড়াতে বাণিজ্য মেলায় অধিদপ্তর একটি মিনি প্যাভিলিয়ন করবে। এ ছাড়া মাসব্যাপী মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে অধিদপ্তরের পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ ও দপ্তরের অন্যান্য পরিচালকেরা উপস্থিত ছিলেন।