৩১৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা, বাড়ানো হয়নি কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ হাজার ১৮৩ কোটি ৬৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০১৫-১৬ অর্থবছরের ১ হাজার ৫২ কোটি টাকার সংশোধিত বাজেটেও অনুমোদন দেওয়া হয়। নতুন বাজেটে কোনো কর বাড়ানো হয়নি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএসসিসির নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এই বাজেট ঘোষণা করেন।
এবারের ঘোষিত বাজেট গত অর্থবছরের সংশোধিত বাজেটের প্রায় তিন গুণ। এই বাজেট কতটা বাস্তবায়নযোগ্য—এমন প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, ‘ঢাকার দক্ষিণের মানুষের স্বপ্ন বড়, মেয়র ও কাউন্সিলরদের স্বপ্ন বড়। তবে এসব স্বপ্ন জেগে দেখি, বাস্তবায়নও করি জেগে। গত অর্থবছরের শুরুতে ডিএসসিসির দেনা ছিল ৩৫০ কোটি টাকার। কিন্তু আজকে ডিএসসিসির কোনো দেনা নেই। এবারের বাজেট অবশ্যই বাস্তবায়নযোগ্য।’
নতুন বাজেটে কোনো কর বাড়ানো না হলেও আগামী বছর নতুন ও পুরোনো কর সমন্বয় করে পুনর্মূল্যায়ন করা হবে বলে মেয়র সাঈদ খোকন জানিয়েছেন। ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৩৯০ কোটি টাকা। এর মধ্যে হোল্ডিং ট্যাক্স বাবদ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। গত অর্থবছরের বাজেটে হোল্ডিং ট্যাক্স থেকে রাজস্ব আয় ধরা হয়েছিল ২৮৫ কোটি টাকা। কিন্তু সংশোধিত বাজেটে দেখা যায়, হোল্ডিং ট্যাক্স থেকে আয় হয়েছে ১৮০ কোটি টাকা। বাজার সালামি থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০০ কোটি টাকা, অথচ আয় হয় ১৫ কোটি টাকা।
এত বিপুল পরিমাণ হোল্ডিং ট্যাক্স ও বাজার সালামি আদায়ে ডিএসসিসি সক্ষম কি না—এমন প্রশ্নে মেয়র বেলন, ডিএসসিসি ১৫টি নতুন মার্কেট নির্মাণ শুরু করতে যাচ্ছে। এগুলোর দোকান বরাদ্দের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে। এসব দোকান বরাদ্দ দিয়ে ৬৫০ কোটি টাকা আয় করা অসম্ভব না। আর এলাকাভিত্তিক হোল্ডিং ট্যাক্সে অসমতা আছে। হোল্ডিং ট্যাক্সে সমতা আনতে পারলে ৫০০ কোটি টাকা আয় করা যাবে বলে তিনি মনে করেন।
আয়: ডিএসসিসির নতুন বাজেটে আয়ের খাতের মধ্যে আছে সরকারি থোক ও বিশেষ অনুদান ২১৮ কোটি টাকা। সরকারি, বেসরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে আসবে ১ হাজার ৪৮৫ কোটি ৩২ লাখ টাকা। এ ছাড়া বাজার সালামি বাবদ ৬৫০ কোটি, ট্রেড লাইসেন্স ফি বাবদ ৬৫ কোটি, পশুরহাট ইজারা বাবদ সাড়ে ৫ কোটি, সম্পত্তি হস্তান্তর কর খাতে ৬৫ কোটি, শিশুপার্ক থেকে সাড়ে ৬ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
ব্যয়: সবচেয়ে বেশি ব্যয় বরাদ্দ করা হয়েছে সড়ক ও ট্রাফিক অবকাঠামো উন্নয়নের জন্য, ৯৪৩ কোটি ৬৬ লাখ টাকা। বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য ৫৬০ কোটি ৬৯ লাখ টাকা, পরিবেশ উন্নয়নে ৭৮ কোটি ৪৫ লাখ টাকা রাখা হয়েছে। মশক নিয়ন্ত্রণে ১১ কোটি ৫০ লাখ টাকা। খেলার মাঠ, উদ্যান ও বিনোদনমূলক সুবিধাদি উন্নয়নে ১৫১ কোটি ৫০ লাখ; কবরস্থান, শ্মশানঘাট উন্নয়নে ১৪ কোটি ২৫ লাখ টাকা। সরঞ্জাম, যন্ত্রপাতি ও সম্পদ ক্রয় বাবদ ২০৯ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
প্রকল্প: ডিএসসিসির সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পিপিপিভুক্ত প্রকল্পের মধ্যে চলতি অর্থবছরে ডিএসসিসির পাঁচটি অঞ্চলের সড়ক, ফুটপাত ও নর্দমা উন্নয়নে ৭৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া যাত্রাবাড়ী মোড় থেকে ত্রিমুখী রাস্তা সম্প্রসারণে ৭০ কোটি, বাবুবাজার থেকে সদরঘাট টার্মিনাল পর্যন্ত উন্নয়নে ১২০ কোটি, ডিএসসিসির কমিউনিটি সেন্টারের উন্নয়ন ও নতুন কমিউনিটি সেন্টার নির্মাণের জন্য ২১ কোটি, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল্ড সম্প্রসারণসহ ভূমি উন্নয়নে ৫৬৯ কোটি ৮৯ লাখ এবং সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ২২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
আয়ের উৎস
*সরকারি থোক ও বিশেষ অনুদান ২১৮ কোটি টাকা
*সরকারি, বেসরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে ১ হাজার ৪৮৫ কোটি টাকা
*বাজার সালামি ৬৫০ কোটি টাকা
*ট্রেড লাইসেন্স ফি ৬৫ কোটি টাকা
*পশুরহাট ইজারা সাড়ে ৫ কোটি টাকা
*সম্পত্তি হস্তান্তর কর খাতে ৬৫ কোটি টাকা
*শিশুপার্ক থেকে সাড়ে ৬ কোটি টাকা