৩২ জন কৃতী প্রকৌশলীকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রকৌশলীরা রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন না। এর পরও সব বাধা ডিঙিয়ে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে। কৃতী প্রবীণ প্রকৌশলীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেছেন।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৩২ জন কৃতী প্রবীণ প্রকৌশলীকে এ সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী এ এস মশিহুর রহমান বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রকৌশলীদের পেশাগত দক্ষতা প্রমাণ করতে হবে। কঠোর পরিশ্রমী ব্যক্তিরাই যুগে যুগে সফল হয়েছেন।সাংসদ হাসানুল হক ইনু বলেন, ক্ষমতার জোয়ার-ভাটায় উন্নয়নের নৌকা চলতেই থাকে। ক্ষমতার যে খেলাই চলুক না কেন, প্রকৌশলী-প্রযুক্তিবিদেরা উন্নয়নের চাকা ঘোরাতেই থাকবেন। আমৃত্যু তাঁদের উন্নয়নের চাকা ঘোরাতে হবে। সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিভিন্ন পেশায় অবদান রাখলেও রাজনীতিতে প্রকৌশলীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম। প্রকৌশলীদের রাজনীতিতেও আসতে হবে। এখানে তাঁদের কাজের সুযোগ আরও বেশি।ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা বলেন, ‘দেশের সব খাতের উন্নয়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও রাষ্ট্রীয়ভাবে তাঁদের স্বীকৃতি দেওয়া হয়নি। এ জন্য আমরা নিজেরাই নিজেদের পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছি।’ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। সংবর্ধনা শেষে নাটক কোর্ট মার্শাল মঞ্চস্থ করা হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। সংবর্ধনা ও নাটকের মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপ্তি ঘটে।