৩৩তম ব্যাচের পুলিশে পাল্টাপাল্টি কমিটি
৩৩তম বিসিএসের মাধ্যমে পুলিশে নিয়োগ পাওয়া কর্মকর্তারা পাল্টাপাল্টি দুটি কমিটি গঠন করেছেন। গতকাল শুক্রবার আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুটি কমিটির ঘোষণা দেওয়া হয়।
এর একটি কমিটি ৭২ সদস্যের। ‘৩৩তম পুলিশ ব্যাচ’-এর ব্যানারে এই কমিটিতে মো. হাসিনুজ্জামানকে সভাপতি ও মো. জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। অপর কমিটি করা হয়েছে ‘৩৩তম বিসিএস পুলিশ ফোরাম’-এর ব্যানারে। ৪৭ সদস্যের এই কমিটিতে সভাপতি হিসেবে এস এম শামীম ও সাধারণ সম্পাদক হিসেবে মিশু বিশ্বাসের নাম উল্লেখ করা হয়েছে।
৭২ সদস্যের কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কমিটি গঠনের জন্য গত বৃহস্পতিবার ব্যাচের সবার টিএসসিতে জড়ো হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ৬০-৭০ জন উপস্থিতও হন। সেখানে সবার মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। কিন্তু গুটি কয়েক কর্মকর্তা সভায় উপস্থিত না হয়ে নিজেদের ইচ্ছামতো একটি কমিটি গঠন করেন। কারও মতামত ছাড়াই তাঁরা কমিটি গঠন করেন।
জাহিদ বলেন, ৩৩তম ব্যাচে নিয়োগ পাওয়া মোট পুলিশ কর্মকর্তার সংখ্যা ১৫৪ জন। এর মধ্যে ৮১ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কর্মকর্তাদের উপেক্ষা করে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের প্রাধান্য দিয়ে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
৪৭ সদস্যের কমিটির সাধারণ সম্পাদক মিশু বিশ্বাসের দাবি, বৃহস্পতিবার পুলিশ অফিসার্স মেসে ব্যাচের কর্মকর্তারা জড়ো হয়েছিলেন। সেখান থেকে তাঁরা ৭২ সদস্যের কমিটি গঠন হওয়ার আগেই এ কমিটি গঠন করেছেন। সবার মতামত নিয়েই এই কমিটি গঠন করা হয়েছে।