
পলাশী থেকে ঢাকেশ্বরী রোডে ঢুকতেই হাতের বাঁয়ে মসজিদটি। পথচলতি সাধারণ মানুষ হয়তো একে একটি আটপৌরে মসজিদ বলেই ধরে নেবেন, কিন্তু আদতে তা নয়। ইতিহাসের দীর্ঘ পথে চলার চিহ্ন মসজিদটির গায়ে।
নাম ‘হাজীবেগ জামে মসজিদ’। ফারসি ভাষায় লেখা শিলালিপিতে উৎকীর্ণ এর জন্ম-পরিচয়। এতে দেখা যাচ্ছে, সপ্তদশ শতকের শেষ দিকে মসজিদটির প্রতিষ্ঠা। সাল ১৬৭৩ (হিজরি সন ১১০৩, বাংলা ১০৮৯)।
বর্তমানে মসজিদটি দোতলা। একদিকের মূল কাঠামো প্রায় অবিকৃত। মসজিদের দলিলদাতার উত্তর-পুরুষেরা পরম যত্নে কাঠামোটি টিকিয়ে রেখেছেন এবং রীতিমতো ব্যবহার করছেন।
মসজিদটি সম্পর্কে জানতে মার্চের গোড়ার দিকের এক দুপুরে হাজির হই। মুয়াজ্জিন সাহেব ডেকে তাঁর ঘরে বসান। হাজির হন বছর ষাটের হাজি মোহাম্মদ নোয়াব মিয়া। কিছুক্ষণ পরে
আসেন নোয়াব মিয়ার চাচা বর্ষীয়ান হাজি বশিরউদ্দিন আহমেদ। তাঁরা মসজিদ কমিটির জ্যেষ্ঠ সদস্য।
হাজীবেগ জামে মসজিদ প্রতিষ্ঠার ইতিবৃত্ত বিশেষ জানা নেই নোয়াব মিয়ার। তবে জন্মসাল নিয়ে কোনো সন্দেহ নেই। নোয়াব মিয়ার ভাষ্য, দলিলের মাধ্যমে এই সম্পত্তির মালিক হয়েছিলেন মুনশি সোবহানউদ্দিন, ১৮৮৯ সালের ১৪ অক্টোবর। যিনি সম্পর্কে তাঁর পরদাদা (দাদার বাবা)। অর্থাৎ, এই মুনশি সোবহানউদ্দিনই জমির দলিলদাতা। নোয়াব মিয়া বললেন, ‘চলেন ঘুরে দেখাই।’
প্রথমেই যাই মসজিদের আদি অংশটিতে। একতলা কাঠামো। তিনটি গম্বুজ, মাঝেরটি বড়। গম্বুজের গায়ে শিলপাটার নকশা। ফারসি ভাষায় লেখা মসজিদের নাম ও তারিখ। আরবিতে লেখা, ‘লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসুলুল্লাহ’।
ঢোকার ফটক তিনটি। মাঝেরটি বড়। পুরোনো আমলের ইট দিয়ে গঠিত মোটা দেয়াল। ওপরে চুন-সুরকির আস্তর। ভেতরে জায়গা তেরো শ থেকে পনেরো শ বর্গফুটের মতো।
‘আসছেন যখন ভালো করে দেখে যান।’ বললেন নোয়াব মিয়া। জানালেন, ‘মূল মসজিদের উত্তর দিকে প্রায় ১ হাজার ফুট সম্প্রসারণ করা হয়, তা-ও প্রায় শত বছর আগে।’
মুয়াজ্জিনের কক্ষে ফিরে এসে বসলে কথা বললেন হাজি বশিরউদ্দিন আহমেদ। ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। বললেন, ‘সময়ের প্রয়োজনে মসজিদটি দোতলা করতে হয়েছে। তবে মূল কাঠামোকে ক্ষতি করে কিছু করিনি আমরা।’
মসজিদটির একটি অংশজুড়ে হাজীবেগ ফ্রি ফোরকানিয়া মাদ্রাসা। দোতলায় ইমাম সাহেবের ঘর, নিচতলায় মুয়াজ্জিনের। শুক্রবার জুমার দিনে পলাশী এলাকার হাজার মানুষ একসঙ্গে নামাজ পড়েন।
মুনশি সোবহানউদ্দিনের উত্তর-পুরুষেরা কালে কালে মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান সভাপতির নাম মো. সায়মন ইসলাম।
আলাপে জানা গেল, বর্তমানে স্থানীয় কিছু লোক মসজিদটির জায়গা দখলের চেষ্টায় লিপ্ত রয়েছেন। তবে উচ্চ আদালতের রায় মসজিদের বর্তমান কমিটির অনুকূলেই আছে।
মসজিদটির বয়স এখন ৩৩৩ বছর। মুঘল আমলের এই নিদর্শন এখনো ‘সংরক্ষিত পুরাকীর্তি’র মর্যাদা পায়নি।
বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন সোমবার প্রথম আলোকে বললেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। শিগগিরই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি টিম পাঠাব। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেব।’
লক্ষণীয় হলো, মসজিদটির ইতিহাস নিয়ে কোনো লেখা ঘাঁটাঘাঁটি করেও কোথাও পাওয়া গেল না। ঢাকার মসজিদ নিয়ে যাঁরা গবেষণা করেন, আশা করছি এই প্রতিবেদন তাঁদের দৃষ্টি আকর্ষণ করবে।