৩৫ দিন পর কবর থেকে লাশ উত্তোলন
রাজধানীর মতিঝিল থানার দক্ষিণ কমলাপুরে গত বৃহস্পতিবার প্রায় ৩৫ দিন পর কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। ওই ব্যক্তির নাম সুমেল হোসেন (৩৩)। পরিবারের হত্যা অভিযোগের ভিত্তিতে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়। গত শনিবার ময়নাতদন্ত শেষে তাঁর লাশ আবার দাফন করা হয়েছে। সুমেল হোসেনের চাচা মো. ইব্রাহিম মুঠোফোনে প্রথম আলোকে জানান, সুমেল হোসেন ঢাকার ৩১ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি ঠিকাদারির কাজ করতেন। গত ২০ জানুয়ারি রাতে দক্ষিণ কমলাপুর এলাকায় তিনি বন্ধুদের সঙ্গে মদপান করে অচেতন হয়ে পড়েন। পরদিন তাঁকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। গত ২১ জানুয়ারি তিনি মারা যান। ইব্রাহিম জানান, দাফন করার এক সপ্তাহ পর সুমেলের পরিবার তাঁর এক বন্ধুর কাছ থেকে সুমেলকে বিষ মেশানো মদ খাইয়ে হত্যার কথা জানতে পারে। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় ফজলুল হক নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি এর সত্যতা স্বীকার করেন। গত ১৭ ফেব্রুয়ারি আদালতে আবেদন করে সুমেলের লাশ উত্তোলনের অনুমতি নেওয়া হয়। গত বৃহস্পতিবার তাঁর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত শনিবার ময়নাতদন্ত শেষে বিকেলে তাঁর লাশ আবার দাফন করা হয়েছে। ইব্রাহিম অভিযোগ করেন, সুমেল পার্টির থানা কমিটির নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার জন্য কাজ করছিলেন। এতে তাঁকে বাধা মনে করায় কেউ হয়তো তাঁকে হত্যা করেছে। মতিঝিল থানার উপপরিদর্শক মাহবুবে খোদা মুঠোফোনে প্রথম আলোকে জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।