৩৫ বছরেও বিচার শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫ বছরেও শেষ হয়নি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চার কর্মকর্তাকে হত্যা ও লাশ গুমের মামলার বিচার। রাষ্ট্রপক্ষের উদ্যোগের অভাবে ঝুলে আছে মামলাটি।আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলায় এ পর্যন্ত মাত্র একজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন, তাও সাত বছর আগের কথা। এরপর রাষ্ট্রপক্ষ আর কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেনি।ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী নজিবউল্লাহ বলেন, ১৯৭৫ সালের পরবর্তী সরকার এ মামলাটি ইচ্ছাকৃতভাবে সাক্ষীদের আদালতে উপস্থাপন করেনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর নিহত ব্যক্তিদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার পুনঃ তদন্ত এবং বিচারকাজ শুরু হয়। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আবার বিচারকাজ থেমে যায়। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে যদি বিচার না হয়, তবে এ মামলার আর বিচার হবে না। তাঁর মতে, হাইকোর্টের স্থগিতাদেশ আদেশের বিষয়ে রাষ্ট্রপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর বিটিভি ভবনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সেনা মোতায়েন করা হয়। তখন বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিটিভির কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে আন্দোলন চলছিল। এ নিয়ে বিটিভি কর্তৃপক্ষ ও কর্মচারী সমিতির মধ্যে বৈঠক হয়।ওই বৈঠকের পর ১৯৭৫ সালের ৭ নভেম্বর বিটিভির অনুষ্ঠান পরিচালক এ এফ এম সিদ্দিকী, মুখ্য হিসাবরক্ষক আকমল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলাম ও সহকারী ক্যামেরাম্যান ফিরোজ কাইয়ুমকে অপহরণ করে হত্যা করা হয়। পরে নিহত চারজনের লাশ গুম করার জন্য বিটিভি ভবনের পেছনে ঝিলের মধ্যে ফেলে দেওয়া হয়। পরের বছর অর্থাৎ ১৯৭৬ সালের ১৭ ফেব্রুয়ারি তিনটি কঙ্কাল উদ্ধার করে যথারীতি তা শনাক্ত করা হয়। নিহত চারজনের স্ত্রীরা ১৯৭৫ সালের ১৯ নভেম্বরে গুলশান থানায় পৃথক চারটি মামলা করেছিলেন (পরে যা একটি মামলায় একীভূত হয়)। মামলার নথিতে দেখা যায়, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নিহত আকমল হোসেনের স্ত্রী মনোয়ারা আকমল মামলাটি পুনঃ তদন্তের আবেদন করেন। এরপর সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৯৭ সালের ২৫ মার্চ আদালত মামলাটি পুনরুজ্জীবিত করেন। ওই সময়ে সিআইডি মামলার আসামি আলতাফ হোসেন, আবুল কাশেম বাগোজা, আবদুল আওয়াল, লুৎফর রহমান ও আইনুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আলতাফ ও কাশেম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর ১৯৯৯ সালের ১৮ আগস্ট অভিযোগপত্র দেয় সিআইডি। ২০০২ সালে মামলাটি বিচারের জন্য প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।অভিযোগপত্রভুক্ত আসামিরা হচ্ছেন বিটিভির তৎকালীন সহকারী পরিচালক আবুল কাশেম বাগোজা, আবদুল আওয়াল সরকার, বিটিভির ১ নম্বর গ্রেডের প্রযোজক লুৎফর রহমান তালুকদার, অধিবেশন নিয়ন্ত্রক সৈয়দ আইনুল কবির, ওই সময় বিটিভিতে কর্মরত কর্মকর্তা আইনুজ্জামান, আবুল কাশেম, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনারারি লেফটেন্যান্ট আলতাফ হোসেন, ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ের সদস্য কে এ এম জাকারিয়া হায়দার ও শাহজাহান সিরাজী। ২০০৪ সালে আসামি আ. কাশেম বাগোজা, আ. আওয়াল সরকার ও লুৎফর রহমান তালুকদার মামলাটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন (কোয়াশমেন্ট ) করেন। পরের বছর ১৭ এপ্রিল হাইকোর্ট তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন।আরেক আসামি আইনুজ্জামান ২০০৪ সালের ১০ মার্চ মারা যান। বাকি পাঁচজন আসামির মধ্যে আলতাফ হোসেন ছাড়া সবাই জামিনে আছেন।অভিযোগ রয়েছে, ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন মামলাটির নিষ্পত্তির ব্যাপারে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।বর্তমানে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করার দায়িত্বে আছেন অতিরিক্ত মহানগর কৌঁসুলি আবদুস সাত্তার। তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় এখন মামলার বিচারকাজ বন্ধ আছে।