৩৬ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ নিষিদ্ধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ঝুঁকিপূর্ণ ৩৬ ধরনের কাজে শিশুদের সম্পৃক্ত করা নিষিদ্ধ করতে যাচ্ছে। ইতিমধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হয়েছে।গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন ও বাংলাদেশ শিশু অধিকার ফোরাম যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।‘আসুন শিশুশ্রম নিরসনের মাধ্যমে মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করি’ স্লোগানের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। এ উপলক্ষে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজার রহমান সরকার জানান, শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ কাজ, বিশেষ করে ইট-পাথর ভাঙা, ধারালো জিনিস নিয়ে কাজ করা বা বিদ্যুৎ-সংক্রান্ত কাজ চিহ্নিত করে ইতিমধ্যে একটি খসড়া মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে।শিশুশ্রম নিয়ে সর্বশেষ অনুষ্ঠিত ২০০২-০৩ অর্থবছরের জরিপের তথ্য তুলে ধরে শ্রমসচিব বলেন, ওই জরিপে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুশ্রমিক ছিল ৩২ লাখ। এদের মধ্যে ১৩ লাখ শিশুশ্রমিক বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজে জড়িত ছিল। এত পুরোনো জরিপে প্রাপ্ত ফলাফল নিয়ে কীভাবে সরকার শিশুশ্রম বন্ধে সফল হবে—এমন প্রশ্নের জবাবে শ্রমসচিব বলেন, ওই জরিপের তুলনায় শিশুশ্রমিকের সংখ্যা এখন অনেক বেড়েছে।আইএলও পরিচালকের বরাত দিয়ে সংস্থার এদেশীয় পরিচালক আন্দ্রে বগি বলেন, প্রত্যেককে নিজস্ব দক্ষতা ও ক্ষমতা নিয়ে ভবিষ্যতের পথে এগোতে হবে, যাতে ২০১৬ সালের মধ্যে শিশুশ্রম একেবারেই নির্মূল করা সম্ভব হয়।সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফায়জুর রহমান, মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রীনা রায়, শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন এমরানুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।দিবসটি উপলক্ষে অপরাজেয় বাংলাদেশ বেলা দুইটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রা বের করবে। বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন সকাল সাড়ে নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছে। সাড়ে ১০টায় শিশু একাডেমীর সামনে থেকে শোভাযাত্রা করবে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার। সকাল ১০টা থেকে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দিনব্যাপী শিশুশ্রম-সম্পর্কিত তথ্যচিত্র দেখাবে ডেভেলপমেন্ট কমিউনিকেশন নেটওয়ার্ক।