৩৬ বাজারের ১৪টিই ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারওয়ান বাজার কিচেন মার্কেটটি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই। মার্কেটটি যে অবস্থায় আছে, তাতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা l প্রথম আলো
কারওয়ান বাজার কিচেন মার্কেটটি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই। মার্কেটটি যে অবস্থায় আছে, তাতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা l প্রথম আলো

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৬টি বাজারের অন্তত ১৪টি ভবন ঝুঁকিপূর্ণ। এগুলো সংস্কারের জন্য ডিএনসিসির নিয়মিত বাজেট নেই। অনেকগুলোতে ব্যবসায়ীদের পুনর্বাসন, দোকানের হিস্যা-সংক্রান্ত দাবিসহ নানান মামলার ধাক্কায় বেসরকারি নির্মাণ সংস্থার সঙ্গে চুক্তি এগোচ্ছে না।

রানা প্লাজা দুর্ঘটনার পর ২০১৩ সালের সেপ্টেম্বরে বুয়েট এ ভবনগুলো চিহ্নিত করে ডিএনসিসিকে একটি প্রতিবেদন দেয়। ডিএনসিসি তখন বাজারগুলো সংস্কারের জন্য ১০ কোটি টাকার একটি বাজেট করে। তবে আর্থিকভাবে পোষাবে না ভেবে ২০১৪ সালে কর্তৃপক্ষ পরিকল্পনাটি বাদ দেয়।

গুলশান ১ ডিএনসিসি মার্কেটে গত জানুয়ারিতে অগ্নিকাণ্ডের পর সংবাদ সম্মেলন করে ঝুঁকির কথা ব্যবসায়ীদের জানায় করপোরেশন। ১৪টি ভবনের মধ্যে বেশি ঝুঁকিতে আছে গুলশান (উত্তর) কাঁচা মার্কেট ও মোহাম্মদপুর টাউন হল পাকা মার্কেট। ঝুঁকিপূর্ণ অন্য ভবনগুলো হচ্ছে গুলশান (উত্তর) পাকা মার্কেট, গুলশান (দক্ষিণ) পাকা মার্কেট, গুলশান (দক্ষিণ) কাঁচা মার্কেট, খিলগাঁও তালতলা সুপার মার্কেট, খিলগাঁও তালতলা কাঁচা মার্কেট, কারওয়ান বাজার ১ নম্বর ভবন, কারওয়ান বাজার ২ নম্বর ভবন, কারওয়ান বাজার কিচেন মার্কেট, কারওয়ান বাজার কাঁচামালের আড়ত, মোহাম্মদপুর টাউন হল কাঁচা মার্কেট, প্রান্তিক সুপার মার্কেট (গাবতলী) ও কলমীলতা কাঁচা মার্কেট।

এগুলো এবং আরও কিছু বাজার আগে থেকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা ছিল। সাদেক হোসেন খোকা মেয়র থাকাকালে করপোরেশন এগুলোতে বহুতল বাণিজ্যিক ভবন করার উদ্যোগ নিয়েছিল। বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা তখন নির্মাণপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিকে অসম আখ্যা দেন। তাঁরা নতুন ভবন নির্মাণপর্বে পুনর্বাসনের নিশ্চয়তা এবং পরে বাজারে চাহিদামতো জায়গা পাওয়া আর ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে একাধিক মামলা করেন। বেশির ভাগ কাজ পেয়েছিল মেসার্স এম আর ট্রেডিং। কাজ করতে পারার নিশ্চয়তা দাবি করে ঠিকাদারেরাও মামলা করেন।

পাঁচটি ভবন নিয়ে মোট ১১টি মামলা চলছে। সব কটি মামলাই সিটি করপোরেশনের বিরুদ্ধে এবং এখনো নিষ্পত্তি হয়নি। গুলশান ২ মার্কেটের কাজ পেয়ে এম আর ট্রেডিং পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল। এ বিজ্ঞাপন বেআইনি ঘোষণার জন্য ডিএনসিসির বিরুদ্ধে এক ব্যবসায়ী মামলা করেন। অন্যদিকে প্রতিষ্ঠানটি কার্যাদেশ বাতিল না করা এবং নতুন করে টেন্ডার না ডাকার দাবিতে দুটি মামলা করে। কারওয়ান বাজারেও এম আর ট্রেডিংয়ের একটি মামলা রয়েছে।

গুলশান ১ নম্বর পাকা মার্কেটের চুক্তিটির বিষয়ে ব্যবসায়ীরা একটি মামলা করেছিলেন। গত ২ জানুয়ারি দিবাগত রাতে এ বাজারে অগ্নিকাণ্ডের পর ব্যবসায়ীরা অভিযোগ করেন, নতুন ভবনের নির্মাতাপ্রতিষ্ঠানের যোগসাজশেই আগুন লেগেছিল।

একাধিক মামলার কারণে রায়েরবাজার সিটি করপোরেশন মার্কেট থেকে ১১ বছর ধরে ভাড়া আদায় হচ্ছে না। ডিএনসিসির রাজস্ব বিভাগের হিসাবে পাওনার অঙ্ক ২৫ লাখ ৪৩ হাজার ৫০৮ টাকা। বাজার কিন্তু ঠিকই চলছে।

রায়েরবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেন, ২০০৬ সালে করপোরেশন বাজারটিকে পরিত্যক্ত ঘোষণা করে ভবনের দোতলা ভেঙে ফেলে। নিচতলা ভাঙতে গেলে ব্যবসায়ীরা বাধা দেন। তিনি বলেন, চুক্তি অনুযায়ী এম আর ট্রেডিং পাবে ৮০ ভাগ জায়গা আর দোকানমালিকেরা পাবেন ২০ ভাগ। পুনর্বাসন ও ন্যায্য হিস্যার নিশ্চয়তা পেলে তাঁরা মামলা তুলে নেবেন। ডিএনসিসির প্রধান আইন কর্মকর্তা এস এম মাসুদুল হকও বলছেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সুরাহা করে ফেলবেন।

মোহাম্মদপুর টাউন হল সরকারি পাকা মার্কেট দোকান মালিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পাকা মার্কেটটির মধ্যের অংশ ফাঁকা ছিল। সেখানে ২০০১ সালে করপোরেশন ৮৫টি নতুন দোকান নির্মাণ করে ২০১৫ সালে সেগুলো বরাদ্দ দেয়। এদিকে ২০১০ সালে এম আর ট্রেডিংয়ের সঙ্গে করপোরেশনের বাজার কমপ্লেক্স নির্মাণের চুক্তি হয়।

দেলোয়ার বলেন, চুক্তি অনুযায়ী সংস্থাটি পাবে ৭০ ভাগ এবং করপোরেশন পাবে ৩০ ভাগ। তাঁর আশঙ্কা, এমন হলে দোকানমালিকেরা ঠিকমতো দোকান বুঝে পাবেন না। ডিএনসিসির বিরুদ্ধে টাউন হলের পাকা ও কাঁচাবাজারের বণিক সমিতি এবং নির্মাণপ্রতিষ্ঠানের চারটি মামলা চলমান।

ব্যবসায়ীরা অন্তর্বর্তীকালীন পুনর্বাসনের নিশ্চয়তা চান। মোহাম্মদপুর টাউন হল সুপারমার্কেটের ব্যবসায়ী বেলায়েত হোসেন বলেন, ‘এক মার্কেটের ওপর কতজনের সংসার চলে। সরকার মার্কেট ধরলে তো কয়েক বছর লাগব বানাইতে, এই কয়দিন আমরা কী করুম। উন্নয়নে আপত্তি নাই। কিন্তু আমাগোর ব্যবস্থা কইরা তারপর মার্কেট ধরুক।’

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাউল ইসলাম প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীদের পুনর্বাসন করার মতো এত জমি নেই। তবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আংশিক পুনর্বাসন হতে পারে। তিনি বলেন, নির্মাণপ্রতিষ্ঠানের সঙ্গে ‘অসম’ চু্ক্তিগুলো থেকে তাঁরা বের হয়ে আসার চেষ্টা করছেন।

মেসবাউল আরও বলেন, সংস্কারযোগ্য যেসব ভবনে মামলা সত্ত্বেও কাজ করা যাবে, সেগুলোতে কাজ ধরার পরিকল্পনা হচ্ছে। তবে যে ভবনগুলো ভেঙে ফেলতে হবে, সেগুলোর ব্যাপারে ডিএনসিসি আরও আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরতউল্লাহ প্রথম আলোকে বলেন, জরুরি সংস্কারকাজগুলো ধরা হবে। তবে পরিকল্পনা, বাজেট ও সরকারের অনুমোদনের মতো কিছু বিষয় আছে।