ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চতুর্থ শ্রেণীর অনিয়মিত কর্মচারীরা চাকরি স্থায়ী করার দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে আড়াই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। এতে ইউনিটের রোগীদের সেবা বিঘ্নিত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ইউনিটের ৩৭ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী চাকরি নিয়মিত করার দাবিতে কাজ ফেলে বার্ন ইউনিটের সামনে জড়ো হন। তাঁরা অধ্যাপক শহিদুল বারীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন। প্রকল্প পরিচালক সামন্তলাল সেন ছুটিতে থাকায় শহিদুল বারী প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছেন। কর্মবিরতিতে জরুরি বিভাগে আসা পোড়া রোগীদের সেবা ও তালিকাভুক্ত অস্ত্রোপচার বন্ধ হয়ে যায়। দুপুর একটা পর্যন্ত অচলাবস্থা চলে। আন্দোলন কর্মসূচিতে স্থায়ী কর্মীদের মৌন সমর্থন ছিল। দুপুর একটায় বার্ন ইউনিটের জরুরি বিভাগে কথা হয় কেরানীগঞ্জের অগ্নিদগ্ধ শিশু তন্বীর বাবা মোজাম্মেল হোসেনের সঙ্গে। মোজাম্মেল হোসেন জানান, গ্যাসের চুলা থেকে তন্বীর হাত, পা ও পেট পুড়ে গেছে। কর্মবিরতি থাকার কারণে দীর্ঘক্ষণ তার ক্ষতে ব্যান্ডেজ করা হচ্ছে না; কখন হবে তাও তিনি জানেন না। এ সময় শিশুটিকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। একই এলাকা থেকে আসা অগ্নিদগ্ধ নূরজাহান বেগম জানান, গ্যাসের চুলা থেকে তাঁর শরীরে আগুন লাগে। কিন্তু তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে না।চিকিৎসকেরা বলেন, এমনিতেই ৫০ শয্যার এই বার্ন ইউনিটে তিন-চার গুণ রোগী ভর্তি থাকে। এরপর লোকবলের অভাব তো রয়েছেই। অনিয়মিত এই লোক দিয়ে কাজ চলছে। তাঁরা হঠাৎ করে কাজ বন্ধ করে দিলে রোগীর সেবায় ব্যাঘাত ঘটে। বার্ন ইউনিটে নিয়োগ ও বাস্তবায়ন সমন্বয় পরিষদের সভাপতি ওই ইউনিটের কর্মচারী শাহীন খান সাংবাদিকদের বলেন, সাত বছর ধরে তাঁরা কাজ করছেন। বেতনও পান না। এই প্রকল্প এখনো রাজস্ব খাতে স্থানান্তর করা হয়নি। তাই তাঁরা অনিশ্চয়তায় আছেন। তাঁরা বলেন, চাকরির নিশ্চয়তা দিন, নইলে জীবন থেকে হারিয়ে যাওয়া সাত বছর ফিরিয়ে দিন।অধ্যাপক শহিদুল বারী বলেন, অনিয়মিতদের চাকরি নিয়মিত করতে তিনি মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরছেন। দুপুর একটার দিকে ছুটিতে থাকা বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্তলাল সেন ইউনিটে ছুটে আসেন। এরই মধ্যে হাসপাতালের পরিচালক মো. শহিদুল হক মল্লিকও আসেন। তাঁরা দুজনে আন্দোলনরত কর্মচারীদের কাজে যোগ দিতে অনুরোধ করে বলেন, ‘আপনাদের যৌক্তিক দাবি পূরণে আমরা সাধ্যমতো চেষ্টা করব।’ এরপর তাঁরা কাজে যোগ দেন। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। সামন্তলাল সেন বলেন, ‘তাঁর প্রধান কাজ বার্ন ইউনিটটি রাজস্ব খাতে নেওয়া। এরপর তিনি অনিয়মিত এসব লোকের নিয়োগের ব্যবস্থা করবেন। তাঁরা দীর্ঘদিন ধরে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন। তাঁদের নিয়োগ না দেওয়া হলে রোগীদের দুর্দশা বাড়বে।