৩৯ খালের দখলদার এক হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হারিয়ে যাওয়া ৪৩টি খালের মধ্যে ৩৯টির সীমানা নির্ধারণ করেছে ভূমি জরিপ অধিদপ্তর। প্রায় এক হাজার ব্যক্তি এবং সরকারি ও বেসরকারি সংস্থা এসব খাল দখল করে রেখেছে। ঢাকা সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসাও দখলদারের তালিকায় রয়েছে। বাকি চারটি খালের সীমানা নির্ধারণ ও দখলদারদের সম্পর্কে তথ্য আগামী মাসে দেওয়া হবে।গতকাল জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ভূমি জরিপ অধিদপ্তর নিখোঁজ বা হারিয়ে যাওয়া এসব খাল সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করে। গত বছর কমিটি তদন্ত করে এ প্রতিবেদন দাখিল করতে ভূমি জরিপ অধিদপ্তরকে দায়িত্ব দিয়েছিল।প্রতিবেদনে বলা হয়, রাজধানীর এই ৩৯টি খালের অধিকাংশই বিভিন্ন ব্যক্তির দখলে আছে। আর বেশ কয়েকটি দখল করেছে সরকারি বিভিন্ন সংস্থা। খালের ওপর সরকারি স্থাপনারও অভাব নেই। কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় ভূমিমন্ত্রী রেজাউল করিম এবং সংসদীয় কমিটির সদস্য আবদুল হাই, শাহাব উদ্দিন, বেনজীর আহমদ, রণজিৎ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জমির খাজনা খারিজের ভোগান্তি কমাতে দুই বছরের মধ্যে এ সংক্রান্ত সব পদ্ধতি ডিজিটালাইজড করার সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, ‘আমরা খাল দখলকারীদের চিহ্নিত করেছি। এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় খাল উদ্ধারে মাঠে নামবে।’ তিনি বলেন, ‘খালগুলো কারা দখল করেছে তা চিহ্নিত করেছি। ব্যক্তি, আবাসন প্রতিষ্ঠান (ডেভেলপার) ছাড়াও রাষ্ট্রীয়ভাবেও এগুলো দখল করা হয়েছে। সরকার বেশ কিছু রাস্তা নির্মাণ করেছে খাল ভরাট করে।’ তিনি বলেন, প্রথমে দখল ছাড়তে দখলদারদের এক থেকে দুই মাস সময় দেওয়া হবে। এর মধ্যে তারা দখল না ছাড়লে এসব ভেঙে ফেলা হবে।