বেলা সোয়া তিনটা নাগাদ কালো মেঘে ছেয়ে যায় ঢাকার আকাশ। শুরু হয় মেঘের প্রচণ্ড গর্জন। সাড়ে তিনটার দিকে আকাশ ভেঙে নামে বৃষ্টি। টানা প্রায় দেড় ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর অর্ধেকের বেশি এলাকা। কোনো কোনো স্থানে পানি ওঠে হাঁটুর ওপর। আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল মঙ্গলবারের বৃষ্টিপাত ছিল চলতি মৌসুমে রাজধানীতে সবচেয়ে বেশি, ৪১ মিলিমিটার। এর মধ্যে বিকেলের ওই বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৩৯ মিলিমিটার।প্রবল বৃষ্টিপাতের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অফিসফেরত কর্মজীবী নারী-পুরুষ, পথচারী—সবাই চরম দুর্ভোগে পড়েন। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।বিকেল পৌনে পাঁচটার দিকে মতিঝিল এলাকায় গিয়ে দেখা যায়, শাপলা চত্বরের পশ্চিম দিক থেকে দৈনিক বাংলার মোড় পর্যন্ত ও পার্শ্ববর্তী দিলকুশা বাণিজ্যিক এলাকা পুরোটাই ডুবে আছে। এ অবস্থায় প্রায় স্থবির হয়ে পড়ে ছিল হাজার হাজার যানবাহন। সন্ধ্যার পরও ওই যানজট ছিল।মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা চলছে। বেলা একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ব্যবসায় শিক্ষা বিভাগের পরিসংখ্যান পরীক্ষা হয়। পরীক্ষা শেষে কলেজ থেকে বেরিয়ে বিপাকে পড়ে শিক্ষার্থীরা। ওয়ারীতে বসবাসকারী ছাত্রী জান্নাতুল ফেরদৌস জানায়, তাদের এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে এমনিতেই রিকশাচালকেরা যেতে চান না। গতকালের বৃষ্টিতে আরও সমস্যা হয়। জান্নাতুল কমলাপুর পর্যন্ত হেঁটে যাওয়ার পর একজন রিকশাওয়ালা ৮০ টাকা ভাড়ায় যেতে রাজি হন।দিলকুশা বিসিআইসি ভবনে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন আকলিমা খানম। অফিস ছুটির পর ঘণ্টা খানেক হাঁটুপানিতে দাঁড়িয়ে থেকে তাঁকে রিকশার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। মতিঝিলের জনতা ব্যাংক ভবনের সামনে গাবতলীর বাসে বসে ছিলেন শ্যামলীর বাসিন্দা আবদুল মতিন। তিনি বলেন, বিকেল সাড়ে চারটায় শাপলা চত্বর থেকে বাসে উঠেছেন। সাড়ে পাঁচটার সময়ও তাঁদের বাস মতিঝিলেই রয়ে গেছে।আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্র গোলাম কিবরিয়া জানান, বৃষ্টির পর বিশ্ববিদ্যালয় থেকে তাঁর আরামবাগের বাসায় আসতে সময় লাগে সাড়ে চার ঘণ্টা। ব্যবসায়ী শাহীনুল আলম জানান, কারওয়ান বাজার থেকে মৌচাক পৌঁছাতে তাঁর লেগেছে এক ঘণ্টা ১০ মিনিট। একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা মো. খালেদ তাঁর ভোগান্তির কথা তুলে বলেন, ‘মতিঝিল থেকে মিরপুর গোলচক্কর আসতে বড়জোর এক ঘণ্টা সময় লাগে। কিন্তু জলাবদ্ধতা ও যানজটের কারণে তাঁর লেগেছে তিন ঘণ্টা।’একইভাবে আরামবাগ, ফকিরাপুল, নয়াপল্টন, পুরানা পল্টন, মৌচাক, মালিবাগ, ধানমন্ডি, রামপুরা, অতীশ দীপংকর রোড, গোপীবাগ, কমলাপুর, শান্তিনগর, রাজারবাগ, শাহজাহানপুর, মুগদা, মান্ডা, গোড়ান, খিলগাঁও, সেগুনবাগিচা, নীলক্ষেত, জিগাতলা, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মোহাম্মদপুর ও পুরান ঢাকার বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে অনেক স্থানে পানি নেমে গেলেও জলাবদ্ধতা স্থায়ী রূপ নেয়। এ ছাড়া অপেক্ষাকৃত নিচু এলাকাগুলোর বাড়িতে পানি উঠে যায়।জানতে চাইলে ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগের কর্মকর্তা আবদুর রকিব বলেন, ঢাকায় যে ড্রেনেজ-ব্যবস্থা বিদ্যমান, তাতে ঘণ্টায় ১০ মিলিমিটারের বেশি বৃষ্টি হলেই জলাবদ্ধতা হবে। অল্প সময়ের এই অস্বাভাবিক বৃষ্টিতে এমন জলাবদ্ধতা হওয়াটাই স্বাভাবিক।