৪০ পেরোলেই পঙ্গুত্বের ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ৪০ বছর পেরোলেই হাড় দুর্বল হয়ে পঙ্গুও হয়ে যেতে পারেন যে-কেউ। বিষয়টি মাথায় রেখে বয়স ৪০-এ পৌঁছানোর আগেই নিয়মিত ব্যায়াম, গায়ে রোদ লাগানো ও ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
গতকাল বুধবার রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে বেসরকারি হাসপাতাল ল্যাবএইড আয়োজিত ‘জীবন মানে গতি, গতিই জীবন’ (লাইফ ইজ মুভমেন্ট, মুভমেন্ট ইজ লাইফ) শিরোনামের সচেতনতামূলক অনুষ্ঠানে তাঁরা এ পরামর্শ দেন।
অনুষ্ঠানে বলা হয়, অস্টিওপোরোসিস একটি রোগ। এর কারণে হাড়ে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, হাড়ের স্বাভাবিক গঠন নষ্ট হয় ও হাড় ভঙ্গুর হয়ে পড়ে। অস্টিওপোরোসিসে কোমরের হাড়, মেরুদণ্ড ও হাতের কবজির হাড় সবচেয়ে বেশি ভঙ্গুর হয়। নারীরা মেনোপজ-পরবর্তী সময়ে এর প্রধান শিকার হয়ে থাকেন।
অনুষ্ঠানটির প্রধান অতিথি জাতীয় অধ্যাপক এম আর খান দুই সিটি করপোরেশনের মেয়রদের উদ্দেশে বলেন, ‘কাউকে ব্যায়াম করার পরামর্শ দিলে পাল্টা যে প্রশ্নটা শুনতে হয় সেটা হলো, “ব্যায়াম করব কোথায়”? বাচ্চাদের খেলার মাঠ ও পার্কগুলো দখল করে বড় বড় ভবন উঠেছে, বিপণিবিতান হয়েছে। যে কটা আছে, সিটি করপোরেশনের মেয়রদের বলব সেগুলো যেন থাকে সেদিকে নজর দিতে।’
মূল উপস্থাপনায় ল্যাবএইড হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান এম আমজাদ হোসেন বলেন, বাংলাদেশেই এখন নিয়মিত কোমর ও হাঁটু প্রতিস্থাপনে অস্ত্রোপচার হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে অস্ত্রোপচার করতে ৫০ লাখ, ব্যাংকক বা সিঙ্গাপুরে করতে ২০ বা ২৫ লাখ টাকা খরচ হয়, সেই একই অস্ত্রোপচার এখন দেশে সাড়ে তিন লাখ টাকার মধ্যে করা সম্ভব হচ্ছে।
বাংলাদেশেই চিকিৎসা নিয়ে সুস্থ আছেন—এমন বেশ কয়েকজন রোগী গতকাল তাঁদের অভিজ্ঞতার কথা জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউম্যাটোলজি বিশেষজ্ঞ সৈয়দ আতিকুল হক অস্টিওপোরোসিস ও অস্টিওআর্থ্রাইটিস রোধে সবাইকে প্রতিদিন ৮০০ গ্রাম বা প্রায় এক লিটার দুধ খাওয়ার পরামর্শ দেন। ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক মইনুজ্জামান প্রতিদিন আধা ঘণ্টা গায়ে রোদ লাগানো, চিংড়ি শুঁটকি ও কালোজিরার মতো ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন।