৪০০ কিলোমিটার চালানো হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৮ ঘণ্টায় ১৬০০ কিলোমিটার সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড গড়তে ছুটছেন সাইক্লিস্টরা। আজ রাজধানীর পূর্বাচলে।
ছবি: সংগৃহীত

আলো ঝলমল রোদেলা সকাল। একেকজন সাইক্লিস্টও যেন ঝকমক করছেন। তিরবেগে ছুটে চলছে চারজনের একেকটা দল। টানা কয়দিন বৃষ্টির কারণে রেকর্ড নিয়ে শঙ্কা ছিল। সকালে রোদের ছটায় সেই শঙ্কা উবে গেছে।

গতকাল বুধবার রাত ৮টা ৩৮ মিনিট থেকে রাজধানীর পূর্বাচলে বিডিসাইক্লিস্টসের (বিডিসি) সদস্যদের রাইড শুরু হয়েছে, চলবে টানা দুদিন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ৪০০ কিলোমিটার চালানো হয়ে গেছে। বিশ্ব রেকর্ড করতে সামনে আরও ১২০০ কিলোমিটার চালাতে হবে চার সাইক্লিস্টকে।

টিমবিডিসির এই উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে শামিল হয়েছেন অনেকে। তাঁদের একজন ফুয়াদ আহসান চৌধুরী। তিনি জানালেন, রাত থেকে এ পর্যন্ত সাইক্লিস্টরা একনাগাড়ে চালিয়ে যাচ্ছেন। মাঝে কয়েকজন পেসার একটু-আধটু আহত হয়েছেন। মূল চার রাইডার ঠিক আছেন। এখন পর্যন্ত সব ঠিকঠাক চলছে।

১৬০০ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিতে পূর্বাচলের জয়নুল আবেদীন চত্বরে দুদিন ধরে চক্করের পর চক্কর দেবেন চার সাইক্লিস্ট। এ জন্য ১ দশমিক ৭ কিলোমিটারের চৌকোণাকৃতির রাস্তাটুকু ৯৪১ বার চক্কর দিতে হবে তাঁদের।
প্রত্যেকে গড়ে ৩৫ কিলোমিটার গতিতে এক ঘণ্টা করে সাইকেল চালাবেন। একে একে চারজনে রিলে করে ৪৮ ঘণ্টা পাড়ি দিতে হবে। এর মধ্যেই ঘুম-খাওয়া সেরে নিতে হবে রাইডারদের। চার রাইডার পৃথক সময় সাইকেল চালালেও তাঁদের সঙ্গ দেবেন পেসাররা। মূল সাইক্লিস্টদের সামনে চালাবেন পেসাররা।

এর আগে ২০১৬ সালের বিজয় দিবসে ১ হাজার ১৮৬ জন মানুষ ধীরগতিতে সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। চলন্ত সাইকেলে দীর্ঘতম একক সারির রেকর্ডটি দীর্ঘদিন বিডিসাইক্লিস্টসের ঘরেই ছিল। এবার নতুন রেকর্ড গড়তে সাইকেলে সওয়ার হয়েছেন চারজন।

টিমবিডিসির সদস্যরা এ কাজে সহায়তা পেয়েছেন তাঁদের পৃষ্ঠপোষক ডাবরের কাছ থেকে। আর সহযোগিতায় আছে প্রথম আলো ডটকম।