৪২ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে ম্যানেজার লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৪১ লাখ টাকা মূল্যমানের স্বর্ণালংকার ও এক লাখ টাকা নিয়ে স্বর্ণের গয়না তৈরির কারখানার ম্যানেজার লাপাত্তা। এ ঘটনায় ম্যানেজার কল্লোল দাসকে বিবাদী করে গত শনিবার কোতোয়ালি থানায় এজাহার করা হয়েছে। কারখানার মালিক কৃষ্ণ কর্মকারের ছোট ভাই সবুজ কর্মকার এ এজাহারটি দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বশির আহমেদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ৮৮ ভরি স্বর্ণালংকার নিয়ে ম্যানেজার কল্লোল দাস পালিয়ে গেছেন। এ ঘটনায় চুরির অভিযোগে মামলা হয়েছে। তদন্ত চলছে।বাদী সবুজ কর্মকার প্রথম আলোকে বলেন, কল্লোল দাস পরিকল্পিতভাবে স্বর্ণালংকার ও টাকা চুরি করে আত্মগোপন করেছেন। এ ঘটনায় মামলা করা হয়েছে। এজাহারে সবুজ কর্মকার বলেন, তাঁর ভাই কৃষ্ণ কর্মকার একজন স্বর্ণ ব্যবসায়ী। কোতোয়ালি থানার ৮১ নম্বর রাধিকা মোহন বসাক লেনের নওয়াব ভবনের তৃতীয় তলায় ভাইয়ের স্বর্ণের গয়না তৈরির কারখানা আছে। ওই কারখানা থেকে গয়না তৈরি করে গুলশান ২ নম্বর ডিসিসি মার্কেটের আমিন জুয়েলার্সে সরবরাহ করা হয়। নড়াইল জেলার লোহাগড়া থানার জয়পুর গ্রামের কল্লোল দাস তাঁর ভাইয়ের ওই গয়না তৈরির কারখানায় সাত-আট বছর ধরে চাকরি করছেন। গত ৩০ জুন দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ২১ ক্যারেটের ৮৮ ভরি আট আনা ওজনের বিভিন্ন মডেলের স্বর্ণের গয়না ও এক লাখ টাকা নিয়ে তাঁকে কারখানা থেকে গুলশানের আমিন জুয়েলার্সে পাঠানো হয়। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৪০ লাখ ৭১ হাজার টাকা। ওই দিন বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে আমিন জুয়েলার্স থেকে টেলিফোনে জানানো হয় কল্লোল দাস গয়না ও টাকা নিয়ে আমিন জুয়েলার্সে যাননি। তখন বিবাদীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। তাঁর স্ত্রী, চাচাতো ভাই, বন্ধু ও শ্বশুর পক্ষের এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা সন্দেহজনক আচরণ করেন। বাদীর ধারণা, কল্লোলের আত্মগোপন করার পেছনে ওই ব্যক্তিরা সহায়তা করতে পারেন এবং তাঁরা বিবাদীর অবস্থান জানেন।