৪২২টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্তে অভিনন্দন
৪২২টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে। এ জন্য খরচ হবে এক হাজার ৭৮ কোটি টাকা। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়।মুক্তিযোদ্ধাদের জন্য প্রকল্পটি অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। একই সঙ্গে দেশের সব জেলা-উপজেলা কমান্ডের নেতারা সরকারকে অভিনন্দন জানান। গত শুক্রবার এক বিবৃতিতে তাঁরা জানান, প্রকল্পটির মাধ্যমে মুক্তিযোদ্ধা সংসদের প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি পাবে। এ ছাড়া তহবিল গঠনের মধ্য দিয়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের সিদ্ধান্তে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন: মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খানসহ সংসদের কেন্দ্রীয় নেতা ওয়াহিদুর রহমান, সুলতানউদ্দিন আহমদ, মাহমুদুল হক, শামসুল কাওনাইন প্রমুখ। মুক্তিযোদ্ধা সংসদের নেতারা বলেন, ২০১২ সাল যুদ্ধাপরাধীদের বিচারের বছর। এ বিচার সম্পন্ন করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। তাঁরা মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।