৪৬৪ কোটি টাকার চোরাই পণ্য আটক করেছে বিডিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) গত বছর দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৬৪ কোটি টাকার বেশি চোরাই পণ্য আটক করেছে। এ আটক আগের বছরের চেয়ে ৯০ কোটি ৭৬ লাখ টাকার বেশি বলে জানা গেছে। বিডিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালে বিডিআর প্রায় ৪৬৪ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করে। এ সময় চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এক হাজার ১২৬ জনকে থানায় সোপর্দ করা হয়। এ বিষয়ে ২৯ হাজার ২৩১টি মামলা করা হয়েছে। আটক করা চোরাচালানের পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এর আগের বছর ২০০৮ সালে আটক করা চোরাচালানি পণ্যের মূল্য ছিল প্রায় ৩৭৩ কোটি ৬০ লাখ টাকা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছর বিডিআরের হাতে আটক করা পণ্যের মধ্যে অন্তর্মুখী পণ্যের আর্থিক মূল্য প্রায় ৪৩০ কোটি ৭৪ লাখ এবং বহির্মুখী পণ্যের আর্থিক মূল্য প্রায় ৩৩ কোটি ৬৩ লাখ টাকা।