৪৯ বিবৃতিদাতার কাছে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছিলেন এমন ৪৯ জন বিশিষ্ট নাগরিকের কাছে ওই বিবৃতির বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ২৭ জানুয়ারির মধ্যে তাঁদের নিজে অথবা আইনজীবীর মাধ্যমে এই ব্যাখ্যা দিতে হবে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার এ আদেশ দেন। পরে এ আদেশের বিষয়বস্তু গণমাধ্যমকে জানান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও মুখপাত্র মো. মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাইব্যুনালের আদেশ অনুসারে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক ও মানবাধিকারকর্মী হানা শামস আহমেদ ৫০ বিবৃতিদাতার ঠিকানা দিয়েছেন। এ বিষয়ক পরবর্তী আদেশে ট্রাইব্যুনাল বলেছেন, খুশী কবির বাদে বাকি বিবৃতিদাতাদের ২৭ জানুয়ারির মধ্যে তাঁদের আচরণ বা বিবৃতির বিষয়ে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা জানাতে হবে। তাঁদের মধ্যে ১১ জন দেশের বাইরে আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁদের ট্রাইব্যুনালের আদেশ পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের ৫০ বিশিষ্ট নাগরিকের দেওয়া বিবৃতির ওপর ভিত্তি করে গত ২০ ডিসেম্বর প্রথম আলোতে ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। পরে অবশ্য মানবাধিকারকর্মী খুশী কবির বিবৃতি থেকে তাঁর নাম প্রত্যাহার করেন। ২৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ এক আদেশে বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রথম আলোকে ওই বিবৃতির অনুলিপি ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। আদেশ অনুসারে প্রথম আলো ওই বিবৃতির অনুলিপি জমা দিলে ট্রাইব্যুনাল পরবর্তী আদেশে বলেন, শাহদীন মালিক ও হানা শামসকে সব বিবৃতিদাতার যোগাযোগের ঠিকানা দিতে হবে। এরপর গতকাল পরবর্তী আদেশ দিলেন ট্রাইব্যুনাল।