৫০ শতাংশ মানুষ ঠিক মাত্রার আয়োডিনযুক্ত লবণ পায় না
সরকারি কর্মকর্তারা বলছেন, দেশের ৮৪ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করে। বিজ্ঞানী বলছেন, যথাযথভাবে আয়োডিনযুক্ত করা হয়েছে এমন লবণ ব্যবহার করে মাত্র ৫০ শতাংশ মানুষ। দেশে আয়োডিনের অভাবজনিত গলগণ্ড রোগের প্রকোপ কমলেও ৩০ শতাংশ নারী আয়োডিন ঘাটতির শিকার।গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে দেশের সব মানুষের জন্য আয়োডিনযুক্ত লবণ প্রাপ্তির বিষয়ে নীতি-নির্ধারণী আলোচনা অনুষ্ঠানে তাঁরা এ কথা বলেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বেসরকারি-প্রতিষ্ঠান মাইক্রোনিউট্রিয়েন্ট ইনিসিয়েটিভ যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।অনুষ্ঠানের মূল উপস্থাপনায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) পুষ্টি ও খাদ্যনিরাপত্তা কেন্দ্রের পরিচালক তাহমিদ আহমেদ বলেন, বলা হয় ৮০ শতাংশের ওপর মানুষ আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করে। কিন্তু যথাযথভাবে আয়োডিনযুক্ত করা হয়েছে এমন লবণ ব্যবহার করে মাত্র ৫০ শতাংশ মানুষ। তিনি বলেন, ১৯৯০ দশকের শুরুতে গলগণ্ড রোগের শিকার হতো ৪৫ শতাংশ মানুষ। এখন কমে ৭ শতাংশে এসে দাঁড়িয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, সরকার লবণের উর্যাপাদন বৃদ্ধি ও লবণ চাষিদের ন্যায্য মূল্য দিতে জাতীয় লবণনীতি ২০১১ ঘোষণা করেছে। তিনি বলেন, সবার সম্মিলিত উদ্যোগে বাংলাদেশ শিগগিরই শতভাগ আয়োডিনযুক্ত লবণভোগীর দেশে পরিণত হবে।তাহমিদ আহমেদ বলেন, আয়োডিন শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়তা করে। গর্ভবতী মায়ের দ্বিগুণ আয়োডিনের দরকার হয়। গর্ভবতী মা সঠিক পরিমাণে আয়োডিন না পেলে তার নেতিবাচক প্রভাব পড়ে শিশুর ওপর। তিনি বলেন, দেশের ৩০ কিশোরী ও গর্ভবতী মা আয়োডিনস্বল্পতায় ভুগছেন। বিসিকের পক্ষ থেকে উপস্থাপনায় বলা হয়, দেশে ২৬৭টি কারখানায় লবণ উর্যাপাদন করা হয়। এসব কারখানায় আগে বিনা মূল্যে আয়োডিন সরবরাহ করা হতো। এখন ভর্তুকি মূল্যে তা সরবরাহ করা হয়। অনুষ্ঠানে বলা হয়, আয়োডিনযুক্ত খাবার খেলে শিশুর বুদ্ধির বিকাশ হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটে, মানুষের কর্মক্ষমতা বাড়ে। লবণে ঠিক মাত্রায় আয়োডিন থাকলে গলগণ্ড রোগ কম হয়, শিশু প্রতিবন্ধী হওয়ার আশঙ্কাও কমে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, সরকারের জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ুন কবির বক্তব্য দেন।