
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় ৫০০টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এসব এলাকার আইনশৃঙ্খলা সমন্বয় কমিটি ক্যামেরা বসানোর কাজ তদারক করছে।
গুলশান থানা এলাকায় গত বছরের ১৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা দিয়ে নজরদারি কার্যক্রম শুরু হয়। গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সমিতির অর্থায়নে প্রাথমিকভাবে বসানো হয় ১৩০টি ক্যামেরা। এগুলো গুলশান থানায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষ থেকে নজরদারি করা হয়। পুলিশ বলছে, এর আগে পরীক্ষামূলকভাবে বসানো ক্যামেরাগুলোর কারণে এলাকায় অপরাধ ৫০ শতাংশ কমেছে।
গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এই চারটি এলাকায় ‘ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটি’ করা হয়েছে। কমিটি এলাকার লোকজনের সহায়তায় ক্যামেরা বসিয়েছে। পরীক্ষামূলকভাবে বসানো এসব ক্যামেরা নিয়ে ভালো সাড়া পাওয়া গেছে। এখন আরও ৫০০টি ক্যামেরা বসানোর কাজ চলছে।
গুলশান সোসাইটি সূত্রে জানা যায়, নতুন ক্যামেরাগুলোর মান আগে বসানো ক্যামেরাগুলোর চেয়েও ভালো। পর্যায়ক্রমে এক হাজার ক্যামেরা বসানো হবে। গুলশান, বারিধারা ও নিকেতন সমিতি প্রাথমিক পর্যায়ের ক্যামেরাগুলো বসিয়েছে দাতাদের টাকায়। এর জন্য গুলশানের সাধারণ বাসিন্দাদের কোনো অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে না। এলাকাভিত্তিক সমিতিগুলোই ক্যামেরা দেখভাল ও রক্ষণাবেক্ষণ করছে। পুলিশের কাজ শুধু এগুলোর মাধ্যমে নজরদারি করা।
গতকাল মঙ্গলবার দেখা যায়, গুলশান থানা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংযোগগুলোতে লোহার খুঁটি বসিয়ে নতুন ক্যামেরা লাগানো হচ্ছে। কয়েকজন কারিগর গুলশান ১ নম্বর গোলচত্বরের পাশের সড়কে ক্যামেরা বসানোর কাজ করছেন। একটি খুঁটিতে দুটি, কোথাও চারটি থেকে ছয়টি পর্যন্ত ক্যামেরা লাগানো হচ্ছে।
গুলশান থানায় অবস্থিত মনিটরে চোখ রেখে গুলশান, বনানী ও নিকেতন এলাকার যানবাহন চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরদারি করছে পুলিশ। গুলশান জোনের সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে এসব সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিনিয়ত এসব ক্যামেরায় ধারণ করা ছবি দেখে চুরি, ছিনতাইয়ে জড়িত অপরাধীদের ধরা হচ্ছে। ফলে এলাকায় অপরাধ আগের তুলনায় অর্ধেকে নেমে গেছে।