গুলশান, বনানী ও বারিধারা আবাসিক এলাকায় অবস্থিত ৫৫২টি অননুমোদিত স্থাপনার মধ্যে ৩৪২টিই রেস্তোরাঁ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি হালনাগাদ জরিপে বিষয়টি উঠে এসেছে।
চলতি মাসের শুরুতে গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় নজিরবিহীন জঙ্গি হামলার পর আইনশৃঙ্খলা-বিষয়ক মন্ত্রিসভা কমিটি এসব এলাকার অননুমোদিত প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে এসব প্রতিষ্ঠানের বিষয়ে হালনাগাদ তথ্য সংগ্রহের জন্য রাজউকের জোন-৪ (গুলশান, বনানী, বারিধারা)-এর পক্ষ থেকে জরিপটি পরিচালনা করা হয়।
জরিপের তথ্য অনুসারে, এসব এলাকায় অননুমোদিত আবাসিক হোটেল ও রেস্টহাউস রয়েছে ৬২টি। এ ছাড়া রয়েছে ১৬টি বার, ৫৬টি স্কুল, তিনটি কলেজ, ২৩টি বিশ্ববিদ্যালয় এবং ৫০টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবাকেন্দ্র। এর মধ্যে ৩৫টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবাকেন্দ্রের অবস্থান বনানীতে। ২৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২১টি এই এলাকায় অবস্থিত। আর ৫৬টি স্কুলের মধ্যে ৩৯টির অবস্থান গুলশানে। এই এলাকায় সর্বাধিক ১৯৩টি রেস্তোরাঁও রয়েছে।
গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের কর্মকর্তারা বলছেন, এই পাঁচ শতাধিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে চার শর মতো প্লটে, যেগুলোর কোনো ধরনের বাণিজ্যিক অনুমোদন নেই। এমনকি হলি আর্টিজান বেকারিও গড়ে উঠেছে আবাসিক প্লটে। অননুমোদিত এসব প্রতিষ্ঠানের মধ্যে হোটেল-রেস্তোরাঁ আগে উচ্ছেদ করা হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়ার জন্য কিছুদিন সময় দেওয়া হতে পারে।