৫৬৬ কোটি টাকার তিনটি প্রকল্প অনুমোদন
বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ডের অর্থায়নে ৫৬৬ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে তিনটি প্রকল্প অনুমোদন করেছে বিসিসিআরএফ গভর্নিং কাউন্সিল। গতকাল মঙ্গলবার সকালে সচিবালয়ে গভর্নিং কাউন্সিলের সভাপতি পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়। সভায় গভর্নিং কাউন্সিলের সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, জলবায়ু তহবিলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করার জন্য সরকার দেশ-বিদেশে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সভায় অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে: বন বিভাগের বাস্তবায়নে ২৭৭ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে উপকূলীয় অঞ্চলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অংশীদারিমূলক বনায়ন কর্মসূচি, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের বাস্তবায়নে ১০২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট, কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে ১৮৬ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ স্থানে কৃষি অভিযোজন কার্যক্রম। এ ছাড়া তিনটি প্রকল্প নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প আরও পর্যালোচনার পর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। প্রকল্পগুলো হলো: ২০৫ কোটি টাকা ব্যয়ে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক সাইলো নির্মাণ, ২২৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে পাওয়ার ডিভিশনের সোলার ইরিগেশন প্রজেক্ট ও পাঁচ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণের সম্ভাব্যতা যাচাই প্রকল্প। বিজ্ঞপ্তি।